জোরদার হচ্ছে ঝিনাইগাতী থেকে প্রার্থী দেয়ার দাবি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অবহেলিত পাহাড়ী জনপদ ঝিনাইগাতী উপজেলাবাসীর মধ্যে শোনা যাচ্ছে বিদ্রোহের আওয়াজ। বড় রাজনৈতিক দলগুলো দীর্ঘ ৪২ বছরেও এ উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন দেয়নি। সংসদ সদস্য নির্বাচিত হয়েছে শ্রীবরদী উপজেলা থেকে। ঝিনাইগাতীবাসীর অভিযোগ, শ্রীবরদী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সকল বিষয়ে তাদের সাথে করেছেন বৈষম্যমূলক আচরণ। তুলনামূলকভাবে এ উপজেলায় হয়নি উন্নয়ন। এসব বিষয় নিয়ে ঝিনাইগাতী উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বৈষ্যম্যের অবসান চায়। চায় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রার্থী মনোনয়ন। ঝিনাইগাতী উপজেলা থেকে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন থেকে গণসংযোগের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম দু’বার দলীয় মনোনয়ন চেয়ে না পেলেও তিনি মাঠ ছাড়েননি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা চেয়ারম্যান প্রশাসনের দায়িত্ব পালনের মধ্যদিয়ে তিনি গণসংযোগ চালিয়ে আসছেন। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার বাহাদুর লাল আদিবাসী অধ্যুষিত অবহেলিত জনপদ ঝিনাইগাতী উপজেলা থেকে প্রার্থী দেয়ার জন্যে উভয় দলের দলীয় প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন।