সিলেট-৩ আসনে প্রার্থী হবেন প্রবাসী নেতা মনির হোসাইন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৮
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ মনির হোসাইন। তিনি গত সোমবার সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মনির হোসাইন বলেন, যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের মানুষের ব্যথায় ব্যথিত হই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘ভিশন-২০২১ ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করে দেশকে আত্মনির্ভরশীল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরেছেন। যুদ্ধাপরাধীদের বিচার এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজিসহ বিএনপি আমলের অপকর্ম দূরীকরণে তাঁর সরকারের সাফল্য সুশাসনের মাইলফলক হয়ে থাকবে। মনির হোসাইন আরো বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে সমর্থন দেয়ায় তিনি দলের সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সকলের সমর্থনও পাচ্ছেন।