আজ ২৭ অক্টোবর বাজিতপুর মুক্ত দিবস। ১৯৭১’র এ দিনে বীর মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার জনতা ভোর ৫টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা যুদ্ধ করে বাজিতপুরকে হানাদার মুক্ত করে।
উল্লেখ্য, ১৯৭১’র ৪ মে প্রথম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে বাজিতপুরে প্রবেশ করে। বাজিতপুর এবং এর আশ-পাশের বিভিন্ন গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে, চালায় অত্যাচারের তাণ্ডব লীলা। এ দিন হানাদার বাহিনীর গুলিতে ২ শতাধিক লোক শহীদ হন এবং অসংখ্য শিশু, যুবক, যুবমহিলা ও বয়স্ক লোকদের নিয়ে যাওয়া হয় অজানা স্থানে; তাদের লাশও আর খুঁজে পাওয়া যায়নি।
২৭ অক্টোবর জুমাপুরের ব্রিজ ভেঙে দিয়ে চারদিক থেকে বাজিতপুর থানায় আক্রমণ চালায়। অবশেষে থানা থেকে হানাদার বাহিনীর দোসর অনেকে পালিয়ে যায়, অনেকে নিহত হয় এবং অনেকে বীর মুক্তিযোদ্ধা ও জনতার হাতে ধরা পড়ে। ২৭ অক্টোবর বাজিতপুরের ঘরে ঘরে উড়তে থাকে বাংলাদেশের পতাকা। দিবসটি পালন উপলক্ষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
