দামুড়হুদার ১৪টি বাড়িতে ডাকাতি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৮
দামুড়হুদার কার্পাসডাঙ্গা শিবনগরের মধুপুর ও কাঠালপাড়ার ১৪ বাড়িতে গত শুক্রবার রাতে গণডাকাতি হয়েছে। ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত গণডাকাতি শেষে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা যায়, ঘটনার দিন রাত ১০টায় একদল মুখোশধারী ডাকাত মধুপুর শাহবুদ্দিন, তৈয়ব আলী, নজরুল ইসলাম, আতর আলী, আবু বকস, রমজান আলী, সলেমান আলী, সোহরাব আলী, কলি বেগম, মতিয়ার রহমান, শহিদুল ইসলাম কাটু, আবু মোল্লা ও আনারুল ইসলামের বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে ঘরে দরোজা বন্ধ করে ঘুমিয়ে থাকার নির্দেশ দেয় এবং যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। চলে যাবার সময় ডাকাতরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে রাতেই দামুড়হুদা থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।