ষাটের দশকের কবি ওমর আলীর চিকিত্সার দায়ভার নিয়েছে ল্যাবএইড হাসপাতাল। বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত এই কবি বর্তমানে শয্যাশায়ী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের অন্যতম এই কবিকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় আনা হয়েছে। বুধবার রাত ৯টায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবিকে উন্নত চিকিত্সার জন্য পাবনার গ্রামের বাড়ি চরকোমরপুর থেকে ঢাকায় আনার সময় বাকরুদ্ধ এই কবি আবেগে কেঁদে ফেলেন। দেশের অন্যতম এই কবি গত বছর ২৩ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন।
ল্যাবএইড হাসপাতালের এমডি ডা. শামীম আহমেদ বলেন, কবি ওমর আলীর চিকিত্সার যাবতীয় সুবিধা দেবে ল্যাবএইড। সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিত্সা চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
এদিকে, ‘অর্থাভাবে কবি ওমর আলীর চিকিত্সা হচ্ছে না’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে, যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে।
