মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, তিন মাস) আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটা ৯.৪ শতাংশ বেশি। প্রতিযোগিতাপূর্ণ বাজার, অর্থনৈতিক স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ঈদের সময় ভালো ব্যবসা গ্রামীণফোনকে এই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ। তিনি জানান, রাজস্ব বৃদ্ধি হয়েছে প্রধানত রিচার্জ ভিত্তিক ক্যাম্পেইন এবং কম চার্জের প্রচারণামূলক অফারের কারণে। এছাড়া আন্তঃসংযোগ আয়, বেশি ডিভাইস বিক্রয় এবং সংলগ্ন ব্যবসাও প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। গত ৮ সেপ্টেম্বর বিটিআরসির নিলামে ১০ মেগাহার্টজ থ্রিজি স্পেকট্রাম কিনে নেয় গ্রামীণফোন।
এই প্রান্তিকে গ্রামীণফোনে ২০ লাখ ৭ হাজার নতুন গ্রাহক যোগ হয়েছে। এর ফলে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লাখ। বিবেক সুদ বলেন, ‘শেয়ারহোল্ডারদের আমরা জানাচ্ছি যে, তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন বাজার প্রবৃদ্ধির যথাযথ অংশ লাভ করতে পেরেছে।’
