৭৯ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ সড়কে ১৪টি ব্রিজের মেয়াদ শেষ হওয়ায় ব্রিজগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে হরহামেশাই ব্রিজ ভেঙ্গে আটকা পড়ছে শত শত যানবাহন। গত শনিবার কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় পাথরবাহী ট্রাকের ভারে বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে পড়ায় আটকা পড়েছিল বিপুলসংখ্যক যানবাহন।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজে যানবাহন চালকেরা নোটিস অমান্য করায় দুর্ঘটনা ঘটছে। তিনি আরো জানান, এই সড়কে ২৮ কোটি টাকা ব্যয় বরাদ্দে ৯টি ব্রিজ পুনঃনির্মাণের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে। ঠিকাদারী সংস্থা উন্নয়ন ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী আতিকুল ইসলাম জানান, আগামী ডিসেম্বরের আগে কাজ শেষ করা সম্ভব হবে না।
