পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাটের পাশে শরীরে কাদামাটি, ছিন্নবস্ত্র, পায়খানামাখা শরীরে ৩/৪ দিন ধরে পড়ে আছে এবং গায়ে মাছি ভনভন করছে এক ব্যক্তির। কিন্তু কয়েকদিন যাবত্ এ অবস্থা দেখেও কেউই তাকে উদ্ধার বা সাহায্য করতে এগিয়ে আসেনি। তার পরিচয় কেউ জানে না, আবার তিনি কোন কথাও বলতে পারেন না। তবে স্থানীয় লোকদের কাছে জানা যায় কয়েকদিন যাবত্ তিনি ট্যাক্সেরহাটের বিভিন্ন জায়গায় রাতযাপন করে আসছিলেন। এমতাবস্থায় পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের কর্মচারী মারুফ কেইনের তাকে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করে দেন। অচেনা এই ব্যক্তির সাথে ছিল একটি পোঁটলা তার মধ্যে কিছু কাঁচা তরকারি ও পলিথিনে মোড়ানো ১৮০ টাকা। তার বয়স আনুমানিক ৩৫/৩৬ বছর, মুখে দাড়ি। তার কপালে কাটা দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিত্সা চলছে এবং গ্রামের বাড়ি রামনাথপুর ও নিজের নাম সোহরাব বলেছে। তবে কথাবার্তা অস্পষ্ট ও ভাঙা ভাঙা। কোন ব্যক্তি তার পরিচয় জানলে মারুফ কেইন, মোবাইল ফোন নং- ০১৭২৩-৯১৩০৩৭ অথবা মোহাম্মদ শামসুল হুদা, ইত্তেফাক প্রতিনিধি, ফোন নং- ০৫৩৩৪-৭৪৩১৪ অথবা ০১৭১৪-৩৮৩৩৪৮ এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
