বোদায় ৫২ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২০:১২
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর ঘটনায় এজাহার নামীয় ২৭ জন ও অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে বোদা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক বাদী হয়ে গত শনিবার সকালে বোদা থানায় এই মামলা দায়ের করে। পুলিশ তাত্ক্ষণিকভাবে সাকোয়া বাজারে অভিযান চালিয়ে জামায়াত নেতা ওই ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের সবুজ আলী মোল্লা (২৯) ও পার্শ্ববর্তী চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর বারঘটিয়া গ্রামের বাবুল ওরফে ঝেল¬া মুন্সিকে (৪৫) গ্রেফতার করে পঞ্চগড় আদালতে প্রেরণ করেছে। বোদা থানার এসআই দীন মোহাম্মদ জানান, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে জামায়াতের নেতা-কর্মীরা সাকোয়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে সাকোয়া বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অফিসঘর,আসবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। বোদা থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন মামলা ও গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেছেন জন নিরাপত্তার স্বার্থে সাকোয়া বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।