জয়পুরহাটের আক্কেলপুরেও পালিত হচ্ছে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতাল। হরতালের প্রভাব পড়েছে আক্কেলপুর উপজেলার প্রতিটি কাঁচা বাজারে। হরতালের কারণে প্রতিমণ করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। উপজেলার ভিকনী গ্রামের করলা চাষি কৃষক আফজাল হোসেন জানান, শনিবার প্রতিমণ করলা ১২শ’ টাকায় বিক্রি করেছি। আজ বিক্রি করলাম ৮০ টাকা প্রতিমণ।
অপরদিকে সোনামুখির গ্রামের এক কৃষক জানান, হরতালের জন্য করলার দাম কমেছে। এ কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কাঁচামালের আড়ত্দার রেজাউর জানান, বাজারে করলাসহ বিভিন্ন সবজির বিপুল পরিমাণ আমদানি হয়েছে। কিন্তু হরতালের কারণে যানবাহন চলাচল না করায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠানো যাবে না বলে পাইকাররা সবজি কিনতে নিষেধ করেছে। এ কারণে করলার বাজার নিম্নমুখী।
আক্কেলপুর নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক ইমদাদুল হক খোকন বলেন, গত দু’দিন আগেও সবজির বাজার ছিল ঊর্ধ্বমুখী। হরতালের কারণে কৃষকরা তাদের উত্পাদিত করলাসহ বিভিন্ন সবজির নায্যমূল্য পাচ্ছে না।
