নিষেধাজ্ঞা উপেক্ষা করলেন সৌদি নারীরা!

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৩৭
সৌদি আরবে নারীর গাড়ি চালানোর অধিকার আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন বেশ কয়েকজন নারী। দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ তা অমান্য করলে তাকে গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করারও বিধান রয়েছে। কিন্তু দেশটিতে নারীদের গাড়ি চালানোর পাঁচটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে আপলোড করা হয়। রিয়াদ ও জেদ্দা থেকে এসব ভিডিওচিত্র ধারণ করা হয়। শনিবারের কর্মসূচি আয়োজকদের একজন বলেন, ‘গাড়ি চালিয়েছেন এমন বেশ কয়েকজন নারীর কথা আমি জানি। আমরা পরে তাদের ভিডিও পোস্ট করবো।’ রিয়াদ থেকে মাই আল-সাইয়ান নামের এক নারী বিবিসিকে বলেন, ‘আমি গাড়ি নিয়ে বাসার কাছের একটি মুদি দোকানে গিয়েছিলাম। এ সময় আমার সঙ্গে একজন সাংবাদিকও ছিল।’ এদিন গাড়ি চালিয়েছেন এমন তিনজন নারীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন বলেও জানান সাইয়ান। গাড়ি চালানোয় তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি জানিয়ে এই নারী বলেন, ‘আশা করছি নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।’ অবশ্য বেশ কয়েকজন নারী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন পাওয়ার পর তারা আর বেরোননি। এর আগে এ ধরনের কর্মসূচির অংশ হিসেবে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। শাস্তি হিসেবে চাকরিও হারান অনেকে। সম্প্রতি দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি আবেদনে সই করেন প্রায় ১৭ হাজার মানুষ।