নির্বাচনকালীন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৫৩
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বের ৯০ দিনে যে সরকার থাকবে সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। এই নির্বাচনকালীন সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। এজন্য স্বাভাবিক সরকারের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিতে নির্বাচনকালীন এই সরকারকে অনুরোধ জানান তিনি। গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এসব কথা বলেন। এ সময় সমিতির সিনিয়র সহ-সভাপতি এবিএম ওয়ালিউর রহমান খান, কোষাধ্যক্ষ রবিউল করিম, সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা ও সাইফুর রহমান উপস্থিত ছিলেন। ব্যারিস্টার খোকন বলেন, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বের ৯০ দিনে যে সরকার থাকবে সে সরকার সাধারণ সরকার নয়। এ সময়ে সংসদের কাছে মন্ত্রিসভার জবাবদিহিতার সুযোগ নেই। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী গত ৬ জুন বলেছিলেন, ২৫ অক্টোবর সংসদের শেষ দিন। সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ২৫ অক্টোবর এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলেন, সরকার সংবিধান সংশোধন করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছেন।