জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চতুর্থ ও শেষ সাক্ষী ছেলে ব্যারিস্টার মো. নাজিবুর রহমানের সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল রবিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ নাজিবুর রহমানের অসমাপ্ত জবানবন্দির জন্য দিন ধার্য ছিল। সকালে আসামিপক্ষের সহযোগী আইনজীবী আসাদুজ্জামান এই মামলার কার্যক্রম তিন দিন মুলতবির আরজি জানিয়ে বলেন, আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী মিজানুল ইসলাম ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে আসতে পারেননি।
মোবারকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
এদিকে একই ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শ্যামল চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য ৩০ অক্টোবর (বুধবার) দিন পুনর্নির্ধারণ করেছেন।
