অনিমেষের প্রস্তাব ফিরিয়ে দিলেন জেমস

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৪২
দেশ সেরা ব্যান্ড তারকা জেমস শুধু দেশেই নয়, উপমহাদেশজুড়ে নিজের খ্যাতি ও জনপ্রিয়তা বিস্তার করেছেন। এ দেশের গত্বাঁধা নির্মাতারা জেমসের গান বা তাকে ব্যবহার করতে না জানলেও এই বিষয়ে ঠিকই সফল হয়েছে বলিউড। একের পর এক হিট গান উপহার দিয়েছেন জেমস, আর বলিউডও জেমসকে উপস্থাপন করেছেন সে মাপেই। তবে এ দেশের এখনকার তরুণ ও প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারাও এখন এগিয়ে আসছেন দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে। আর সেই স্বার্থে জেমসের মতো কিংবদন্তিকে তাদের চলচ্চিত্রে যোগ করার সুবর্ণ সুযোগও খুঁজে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনিমেষ আইচ তার নতুন চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’-এর জন্য জেমসকে প্রস্তাব দেন। তবে অনিমেষের এই প্রস্তাব ফিরিয়ে দেন জেমস। কারণ হিসেবে জেমস বলেন, ‘এখন অনেক তরুণ ও প্রতিভাবান নির্মাতারা এগিয়ে আসছেন আমাদের দেশের চলচ্চিত্রকে তুলে ধরতে। এটা খুবই প্রশংসনীয়। এ ব্যাপারে আমিও অনেক আগ্রহী। প্রায় সপ্তাহখানেক আগে অনিমেষ আইচ আমাকে তার চলচ্চিত্রে একটি গান গাওয়ার পাশাপাশি ওই গানে পারফর্মের প্রস্তাবও দেন। কিন্তু গানের গল্পটা আমার মোটেও পছন্দ হয়নি। ওই গানের দৃশ্যায়ণে আমাকে দিয়েই পারফর্ম করাতে চান তিনি। কিন্তু আমাকে যেভাবে উপস্থাপন করা এবং গানের গল্প, দুটোই খুবই দুর্বল মনে হয়েছে। তাই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এটা নিশ্চিত যে, এই প্রজেক্টটা করা হবে না।’