গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৮
গাজীপুর জেলা সদরের কোনাবাড়ির রাজাবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে গ্রামবাসীর গণপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ডাকাতের হামলায় গৃহকর্তা তোফাজ্জল হোসেনের দুই ছেলে গুরুতর আহত হয়। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৩টার দিকে ১০-১২ জনের হাফপ্যান্ট পরা একদল ডাকাত ওই এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দেয়াল টপকে গেটের তালা ভেঙ্গে বাসার ভেতর প্রবেশ করে গৃহকর্তা তোফাজ্জল ও তার স্ত্রী পারভীন বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তোফাজ্জলের দুই ছেলে পলাশ ও পারভেজ ডাকাতদের বাধা দিলে তাদের মারধর করে আহত করা হয়। পরে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন ডাক-চিত্কার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় ওই ডাকাতকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গৃহকর্তা তোফাজ্জল হোসেনের শ্যালক নাজিম উদ্দিন নাজু জানান, ডাকাতরা বাসার আলমারি ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।