টিকিট না পেয়ে মিরপুরে ব্যাংকে হামলা, ভাংচুর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৩
বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ক্রিকেট খেলা দেখার টিকিট না পেয়ে একদল লোক গতকাল সোমবার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় হামলা চালায়। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাংকের ব্যাপক ক্ষতিসাধন করলে হামলাকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, ব্যাংকের এ শাখায় টিকিট কালোবাজারি হয়েছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। ব্যাংকের শাখা প্রধান অমলেন্দু রায় বলেন, প্রথম ওয়ানডের মোট চার হাজার ১২০টি টিকিট বিক্রির জন্য তাদের দেয়া হয়েছিল। রবিবার বেলা তিনটার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ও ব্যানার টাঙিয়ে জানিয়ে দেয়া হয়, সোমবার টিকিট বিক্রি হবে না। কিন্তু এরপরও গতকাল টিকিটের জন্য সকাল থেকেই অনেকে এসে ব্যাংকের সামনে ভিড় জমান। একপর্যায়ে টিকিট নেই জেনে তারা মারমুখী হয়ে ওঠে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। হামলার খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, জনপ্রতি একটি করে টিকিটই দেয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। টিকিট নিতে আসা তানভীর শাহরিয়ার জানান, রবিবার টিকিটের জন্য ব্যাংকের ওই শাখায় গিয়েও টিকিট পাননি। শাহরিয়ারসহ অনেকেই টিকিট না পেয়ে ক্ষুব্ধ হন। তারা অভিযোগ করে বলেন, প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার ৫শ’ টিকিট দেয়া হবে। অথচ মাত্র আটটি টিকিট বিক্রির পরই জানানো হয়, আর টিকিট নেই। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ লোকজন। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা আরো অভিযোগ করেন, রবিবারই নাকি পুলিশ অনেক টিকিট নিয়ে গেছে। এ অভিযোগ অস্বীকার করে মিরপুর থানার ভ্রাম্যমাণ পরিদর্শক তৈয়বুর রহমান বলেন, রবিবারই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ তা জানিয়ে দেয়।