বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করায় বাংলাদেশে নির্বাচনকালীন সরকার একটি মীমাংসিত বিষয় ছিলো। কিন্তু এই মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে নতুন সংকট সৃষ্টি করেছে সরকার। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশ আজ মারাত্মক সংকটের মুখোমুখি। এই নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দায়িত্ব সকলের। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত প্রেস-ব্রিফিংয়ে ব্যারিস্টার রফিক এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ফোরাম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, এডভোকেট নিতাই রায় চৌধুরী, এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
