সহিংসতায় প্রাণহানির দায় নিতে হবে খালেদা জিয়াকে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ হরতাল-নৈরাজ্য পরিহার করে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, গত দুই দিনে হরতাল চলাকালে সহিংসতায় প্রাণহানির দায় খালেদা জিয়াকেই নিতে হবে। কারণ, তিনি সংলাপের পথ পরিহার করে সংঘাতের পথ বেছে নিয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর পূর্বাণী হোটেলের সামনে বিএনপি-জামায়াত আহূত হরতালের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিরোধী দলীয় নেতা কথা রাখেননি। কথার বরখেলাপ করে হরতাল ডেকেছেন। বিরোধী দলকে আবারো আলোচনায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল হরতাল-নৈরাজ্যের পথ পরিহার না করলে জনগণ রাস্তায় নেমে তাদের শায়েস্তা করবে। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।