সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি বিএফইউজের

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৫
রাজধানীসহ সারাদেশে সাংবাদিক, সংবাদপত্র ও টিভি কার্যালয়ে বোমা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের উপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ও বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুঁইয়া, ডিইউজে সভাপতি ওমর ফারুক, বিএফইউজে যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ডিইউজে সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া না দিয়ে বিরোধী জোটের নেত্রীর হরতাল আহবান, সেই সাথে বিভিন্ন মিডিয়াতে ও সাংবাদিকদের উপর হমলার দায়-দায়িত্ব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিতে হবে। মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক ও মিডিয়াতে হামলার জন্য স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির দায়ী। আর হরতালের সহিংসতার জন্য বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়া তার দায়িত্ব এড়াতে পারেন না। তিনি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আর যদি কোন সাংবাদিকের উপর ও মিডিয়াতে হামলা চালানো হয় তবে সারাদেশের সাংবাদিক সমাজ তার উপযুক্ত জবাব দিবে।