চীনের মোকাবিলায় দাঁড়াবে জাপান:আবে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:২১
বল প্রয়োগ করে এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চীনের প্রচেষ্টায় রুখে দাঁড়াবে জাপান। রবিবার জাপানে সেনাদের বার্ষিক এক পর্যালোচনায় তাদের উদ্দেশ্যে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে একথা বলেন। এদিকে দ্বি-পক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক কূটনীতি সমুন্নত রাখার লক্ষ্যে সোমবার তুরস্কের উদ্দেশ্যে জাপান ছেড়েছেন প্রধানমন্ত্রী আবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়ার ব্যাপারে জাপানকে হুঁশিয়ার করার পর আবে ঐ মন্তব্য করলেন। চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলায় বহু দেশই জাপানের বলিষ্ঠ নেতৃত্ব প্রত্যাশা করে বলেও জানান আবে। যুক্তরাষ্ট্রের দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে দেয়া সাক্ষাত্কারে আবে বলেন, চীন আইন না মেনে বল প্রয়োগ করে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে চায় বলে জাপান উদ্বিগ্ন। চীনের এ চেষ্টা জাপান সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ার করেন। তিনি আরো বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেবল অর্থনৈতিক ক্ষেত্রে নয় বরং নিরাপত্তার ক্ষেত্রে অনেক দেশই জাপানের নেতৃত্ব প্রত্যাশা করছে বলে তিনি উপলব্ধি করতে পেরেছেন। এ অঞ্চলের ওপর জাপানের প্রভাব কমে যাওয়ার প্রক্রিয়া প্রতিহত করার নীতি নেয়া হবে বলেও অঙ্গীকার করেন তিনি।