স্পেনের ছয় কোটি নাগরিকের ফোনে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:২২
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) একমাসেই স্পেনের ছয় কোটি নাগরিকের ফোনে আড়ি পেতেছে বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যম। মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন নথির ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে স্প্যানিশ গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত এনএসএ লাখ লাখ স্পেনের নাগরিকের ফোনকল, এসএমএস ও ইমেইল বার্তার ওপর নজরদারি করে। এনএসএ ফোনকলকারী ব্যক্তি ও যার কাছে ফোন করা হয়েছে শুধু তাদের নম্বর ও অবস্থান সংগ্রহ করেছে। কিন্তু ফোনের বিষয়বস্তু সংগ্রহ করেনি। স্পেনের সাধারণ নাগরিক ও রাজনীতিকদের ব্যক্তিগত ফোনে আড়িপাতার অভিযোগের ব্যাপারে ব্যাখার জন্য সোমবার মাদ্রিদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। তবে স্প্যানিশ সংবাদপত্র এল পেইস ও এল মুন্ডর প্রতিবেদনের ব্যাপারে হোয়াইট হাউস কোন মন্তব্য করেনি। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে শিগগিরই আড়িপাতার ব্যাপারে বৈঠকে বসছে। এদিকে জাপানের বার্তা সংস্থা কিয়োডো বলেছে, ২০১১ সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফাইবার অপটিক্যাল ক্যাবলের মধ্যদিয়ে ব্যক্তিগত তথ্য প্রবাহ পর্যবেক্ষণের জন্য জাপান সরকারকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই বার্তা সংস্থা বলছে, মূলত এই আহবান জানানো হয় চীনের ওপর নজরদারির জন্য। আইনি সীমাবদ্ধতা ও জনবলের অভাবের কথা বলে জাপান যুক্তরাষ্ট্রের এই আহবানে সাড়া দেয়নি। জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মোবাইল ফোনে গত একদশক ধরেই আড়ি পেতেছিল যুক্তরাষ্ট্র। জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধানকে এ সপ্তাহ ওয়াশিংটন পাঠানো হচ্ছে গোয়েন্দাগিরির অভিযোগ তদন্ত করে দেখার জন্য চাপ প্রয়োগ করতে।