চীন তাদের দেশের তিনজন দুর্নীতিবিরোধী কর্মীর বিরুদ্ধে বিচারকার্য শুরু করেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলে এই প্রথম এ ধরনের বিচার শুরু হচ্ছে। দেশটির জিয়াংজি প্রদেশে সোমবার এ বিচার শুরু হয়েছে। অভিযুক্ত তিন ব্যক্তি হচ্ছেন : লিউ পিং, ওয়াই জনপিং এবং লি শিহুয়া। তাদের বিরুদে ্ল ‘নিউ সিটিজেন মুভমেন্ট’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের ব্যানারের সঙ্গে ফটোসম্বলিত অবস্থায় আটক করা হয়। সে সময় তারা দাবি করেন, সরকারি কর্মকর্তাদের তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে হবে।
গত এপ্রিলে তাদের গ্রেফতারের সময় রাষ্ট্রবিরোধী কাজে অংশগ্রহণের প্রথম অভিযোগ আনা হয়। কিন্তু পরবর্তীতে এ অভিযোগ পরিবর্তন করে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে সমবেত হওয়ার অভিযোগ আনা হয়। লিউর আইনজীবী ঝেং জুহং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ মামলার কার্যপ্রণালীতে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। তাই এ মামলায় ন্যায়ের পক্ষে বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। কয়েকজন পশ্চিমা কূটনীতিক এ বিচারকাজ দেখতে চাইলে তাদের প্রবেশে বাধা দেয়া হয়।
