আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিয়েবাড়িতে যাওয়ার পথে একটি মিনিবাসে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারের এক কর্মকর্তা রবিবার একথা বলেছেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র শফিক নাং সাফাই বলেন, তারা একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। এ সময় মিনিবাসটি রাস্তার ধারে পেতে রাখা বোমায় বিধ্বস্ত হয়। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতির এ সময়ে দেশজুড়ে সহিংসতা বেড়েছে। তালেবানরা তাত্ক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানরাই একাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
