পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সমাপনী উত্সব নিয়ে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৪৩
সূর্য পূর্ব আকাশে উঁকি দেয়ার আগেই উছ্বাসের উত্তাপটা টের পাওয়া গিয়েছিল। হিম লাল রোদ্রের সাথে শিক্ষার্থীদের ভিড় প্রিয় ক্যাম্পাসের আঙিনায় পাল্লা দিয়ে বাড়তে থাকে। সবাই সেজেছিল একই পোশাকে। ছাত্ররা পরেছিল অনুষদ ও ব্যাচের নাম খচিত কাল রঙের গেঞ্জি এবং ছাত্রীরা পরেছিল বাহারি ডিজাইনের থ্রী পিচ, খোঁপায় বেঁধেছিল গোলাপ ও গলায় এবং কানে পরেছিল বাহারি ডিজাইনের গহনা। জীবনের একটি অন্যতম অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে খচিত হলো বিদায়ের এই দিনটি। সত্যি বলতে কি, এ অনুভূতি প্রকাশ করার কোন ভাষা ছিল না পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ৭ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের। সমপ্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের এই জমকালো আনন্দ বেদনার শিক্ষা সমাপনী উত্সব অনুষ্ঠিত হয়। অনাবিল আনন্দকে সঙ্গে নিয়ে এবং বিদায়ের দুঃখকে সঙ্গে করে এ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ করে। বেলা ১১টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলরের পক্ষে উক্ত অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোষ্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. মো. হারুনর রশীদ, রেজিস্ট্রার মো. নওয়াব আলী খান, শিক্ষক মো. জিল্লুর রহমান, মো. তকিবুর রহমান, জাকির হোসেন, আফজাল হোসেন, মো. ইমরানুল ইসলাম, সাখাওয়াত হোসেন আবীর। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসরাত, হিমেল, তুরিন ও শাওন। পরে দুপুর ১টায় কেন্দ্রীয় খেলার মাঠে চলে অটোগ্রাফ, রঙ মাখামাখি, নাচানাচি এবং পানি ছিটাছিটি প্রতিযোগিতা।