আলো ছড়াচ্ছে ‘ইচ্ছে’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৪৫
স ং গ ঠ ন রাজশাহী বিশ্ববিদ্যালয় পথশিশু ও দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ প্রতিষ্ঠা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’। যেখানে প্রায় ২৫ জন পথশিশু শিক্ষাগ্রহণ করছে। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলছে শিশুদের পাঠদান। শত প্রতিবন্ধকতার মধ্যেও ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের পাশে গো-খামারের বারান্দায় চলছে এই আলো ছড়ানোর কার্যক্রম। ছোট্ট একটি বারান্দায় কষ্ট করে শুধু ইচ্ছার জোরে পড়াশুনা করছে এই শিশুরা। তবে শিশুদের মনে আনন্দের কোন কমতি নেই। কারণ এখানে নেই কোন বেতের ভয়, নেই বেতনের মতো কোন ঝামেলা। আছে শুধু আনন্দ। আনন্দের মাধ্যমেই এখানে শিশুরা সব কিছু শেখে। শিশুদের বই-খাতা, কলম-পেন্সিলসহ যাবতীয় শিক্ষা উপকরণ ‘ইচ্ছে’ই বহন করে থাকে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এসব ব্যয়ভার বহন করতে ‘ইচ্ছে’র কোন দাতা সংস্থা বা আলাদা কোন ফান্ড নেই। সংগঠনের সদস্যদের প্রদেয় চাঁদা এবং বিভিন্ন দিবসে ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে চলে এর যাবতীয় কার্যক্রম।