ভারতে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাসের বিষবাষ্প ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন কংগ্রেস দল। দলের পক্ষ থেকে সোমবার বলা হয়, তিনি ঘৃণা এবং অবিশ্বাসের জায়গা তৈরি করে এসব করছেন। রবিবার পাটনায় মোদির সভাস্থলে বোমা বিস্ফোরণের পর তিনি নানা কথাবার্তা বললে তারই প্রতিক্রিয়ায় কংগ্রেস এ মন্তব্য করে। এদিকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি জানিয়েছে, তারা বিহারের সমাবেশে মোদির প্রাণনাশের আশঙ্কা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
কংগ্রেসের মুখপাত্র পিসি চাকো বলেন, পাটনায় বোমা হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনও পরিষ্কার না হলেও একটা বিষয় অন্তত পরিষ্কার যে, মোদি এ নিয়ে নানা কথাবার্তা বলে রাজনীতিতে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। তিনি বলেন, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি যেসব কথা বলে বেড়াচ্ছেন তাতে আমরা আশ্চর্যই হচ্ছি।
তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী পাটনার সভাস্থলে আসার আগে তার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, কোথায় কিভাবে নিরাপত্তা দেয়া উচিত ছিল তা তাকেই পরিষ্কার করতে হবে। পিসি চাকো বলেন, কেবল একটি সুষ্ঠু তদন্তই বিষয়টি পরিষ্কার করতে পারে এবং আমরা তা-ই করছি।
এদিকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি জানিয়েছে, তারা বিহারের সমাবেশে মোদির প্রাণনাশের আশঙ্কা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল। তবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ খবর অস্বীকার করে বিহার পুলিশকে এমন কোনো তথ্যই কেন্দ্রের তরফে দেয়া হয়নি বলে দাবি করেছেন।
