সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠি আল-শাবাবের দু’জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। স্থানীয় অধিবাসীরা সংবাদমাধ্যমগুলোকে এ কথা জানিয়েছে। তারা আরো বলেছে, ঐ হামলায় জিলিবের শহরগুলোর এবং আল শাবারের অন্যতম প্রধান ঘাঁটি বারাউইয়ের মধ্যে ভ্রমণরত জঙ্গিদের যানবাহনটিও ধ্বংস হয়েছে। কারা এই বিমান হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আল-শাবাবের একজন সদস্য বার্তাসংস্থা এপি’কে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন জঙ্গি গোষ্ঠিটির শীর্ষ বোমা বিশেষজ্ঞ, যিনি আনতা নামে পরিচিত। স্থানীয় অধিবাসী হাসান নূর রয়টার্সকে বলেছে, ‘আমি একটি সুজুকি গাড়ি পুড়ে যাওয়ার সাক্ষী। এসময় অনেক আল-শাবাব সদস্য সেখানে উপস্থিত ছিল। আমি তাদেরকে গাড়ি থেকে দু’টি মৃতদেহ বের করে নিতে দেখেছি’।
জিলিবের বাসিন্দারা বলেছে, এটা সম্ভবত একটি ড্রোন হামলা যাতে আল-শাবাব কমান্ডাররা নিহত হয়েছে। এদিকে, কেনিয়ার একটি সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, তাদের সেনাবাহিনী জিলিবে অভিযান চালিয়েছে এবং এর ফলে কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে।
কিন্তু বিবিসির প্রতিনিধি জানিয়েছে, এটা অসম্ভব যে, তারা বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকায় আল-কায়েদার সাথে সংযুক্ত প্রধান গোষ্ঠি হচ্ছে আল-শাবাব। এই মাসের প্রথম দিকে আল-শাবাবের একজন কমান্ডারকে ধরার জন্য যুক্তরাষ্ট্র বারাউইতে একটি ব্যর্থ অভিযান চালায়।
