প্রায় ১৫ দিনের জন্য গানের কনসার্ট ট্যুরে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক যাচ্ছেন দেশের রবীন্দ্রসংগীতের প্রধান শিল্পী সাদি মহম্মদ। সম্প্রতি নিজের গান, শিক্ষকতার পাশাপাশি চ্যানেল আইতে খণ্ডকালীন সঞ্চালনার কাজ করছেন সকালের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’।
প্রতিদিন ভোরবেলার অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে সাদী মহম্মদ বলেন, ‘উপস্থাপনার কাজটা আমার ক্ষেত্রে নতুন কিছু নয়। তবে আমি বলব এটা একটা অন্যরকম অভিজ্ঞতা কারণ প্রতি সকালে উঠে এত কষ্ট করে এই অনুষ্ঠান আমার পক্ষে নিয়মিত করাটা সম্ভব নয়। তবু চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগরের অনুরোধেই কাজটি করছি। তবে যেহেতু আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে শিল্পীদের সাথে কথা আর গানের আলাপে থাকি তাই আমার কাছে মনে হয়, গানের পাশাপাশি এর পেছনের গল্পগুলো জানা থাকলে সেক্ষেত্রে আড্ডা বা অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়।’
দীর্ঘদিন ধরে নতুন কোনো অ্যালবাম না বের হওয়ার কারণ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আসলে আমার সংগঠন ‘রবিরাগ’ নিয়ে এ বছর অনেকগুলো কাজ করেছি। এ ছাড়া নিজের কিছু ব্যক্তিগত ব্যস্ততা ছিল। আমার পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের অসুস্থতায় তার পাশে থাকার জন্যই রেকর্ড করা হয়নি। কারণ এরই ভেতরে বেঙ্গল থেকে আমার একটা অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ হওয়ার কথা। ইচ্ছে আছে আগামী মাসে আমার বিদেশ সফর শেষ করেই এই কাজগুলো গুছিয়ে ফেলব।’
নতুন অ্যালবামে কী ধরনের গান থাকবে এমন প্রশ্নে সাদী মহম্মদ বলেন, ‘যে গানগুলো সচরাচর করা হয় না, তেমন গানগুলোই এবারের অ্যালবামে করার প্ল্যান রয়েছে। এরইমধ্যে গানের মিউজিকের কাজ কমপ্লিট। শুধু আমার ভয়েস দেওয়া বাকি।’
