শাকিব খান ছবি প্রযোজনা করছেন—বিষয়টি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এর আগে নিজের ক্যারিয়ারের ম্যাচিউরিটির পাশাপাশি ছবি প্রযোজনা শুরু করেছিলেন চিত্রনায়ক মান্না। ঠিক একইভাবে যেন সিনিয়রের পদাঙ্ক অনুসরণেরই চেষ্টা করছেন তিনি। তবে মান্না ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে যতটা গোছানো ছিলেন সেদিক বিবেচনায় একেবারেই উল্টো চরিত্রের শাকিব। সাফল্যের সূচকে শাকিবের ‘প্রযোজক’ তকমাটা কতটা সফলতা বয়ে আনে সেটিই এখন দেখার বিষয়। সম্প্রতি এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী বছরে তিনটি ছবি প্রযোজনা করবেন বলে জানিয়েছেন তিনি। শাকিব খান বলেন, ‘আসলেই তাই। ছবি প্রযোজনা করব। প্রযোজনার কাজগুলো গোছানোর জন্য এখন বেছে বেছে ছবিতে অভিনয় করছি। বছরে ৩-৪টি ছবিতে অভিনয় করব। আর বাকি সময়টায় নিজের প্রতিষ্ঠানের কাজ দেখাশোনা করব। আর আগামী বছরই আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তিন ছবি নির্মাণে হাত দেব।’ ছবিগুলোর গল্প, চরিত্র, পরিচালক এবং অভিনয়ে কে থাকছেন এমন প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘নতুন-পুরোনো পরিচালক মিলেই আমার ছবি বানাবেন। আমি খুব বেশি দরকার না হলে পর্দায় আসব না। নায়িকা সঙ্কটের বিষয়টি মাথায় আছে। অভিনয়শিল্পী তৈরিরও চেষ্টা করা হবে।’ তবে প্রথম ছবিতে তিনি অভিনয়ে থাকছেন এটি চূড়ান্ত। ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। ছবির কাহিনী লিখছেন কাশেম আলী দুলাল। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। খুব শিগগিরই প্রথম ছবির কাস্টিং সবাইকে জানিয়ে দেবেন বলে জানান শাকিব।
