কাঠগড়ায় ‘কৃষ থ্রি’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২০:৪২
বলিউডে প্রায়ই শোনা যায় স্ক্রিপ্ট চুরি করে চলচ্চিত্র নির্মাণের কথা। এর আগে বহু ছবিতে এই ঘটনাটি ঘটেছে। সর্বশেষ ‘এক থা টাইগার’ ছবির বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের কাঠগড়ায় হাজির হতে যাচ্ছে ‘কৃষ থ্রি’। জানা যায়, মধ্য প্রদেশের এক অখ্যাত স্ক্রিপ্ট রাইটারের লেখা ‘কৃষ থ্রি’-এর গল্পটি। উদয় সিং রাজপুত নামের এই স্ক্রিপ্টরাইটার জানান, এই গল্পটি তিনি ২০০৮ সালে ফিল্ম রাইটার্স অ্যাসোসিয়শেনে ‘কৃষ টু’ নামে রেজিস্টার করান। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই পরিচালক রাকেশ রোশন ‘কৃষ থ্রি’ নামে কাজ শুরু করেন। আর স্ক্রিপ্ট রাইটার হিসেবে নাম দেন রবিন ভাটের। রাজপুত এর জন্য ২ কোটি টাকার ক্ষতিপূরণসহ মুক্তি স্থগিত চেয়েছেন। উল্লেখ্য, আগামী ১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।