প্রযুক্তি ব্যক্তিত্ব :জুলি কিয়েন্টজ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১১
মানুষের সাথে যন্ত্রের, বিশেষ করে কম্পিউটারের সম্পর্ক নিয়ে গবেষণা চলে আসছে অনেক আগে থেকেই। এ নিয়ে গবেষণা থেমেও নেই। বর্তমান প্রযুক্তি বিশ্বে যারা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের জুলি কিয়েন্টজ। সহজপ্রাপ্য বিভিন্ন ধরনের কম্পিউটিং টুলস ব্যবহার করে তিনি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে গবেষণা করে যাচ্ছেন। বিশেষ করে তিনি কাজ করে যাচ্ছেন স্লিপ ডিজঅর্ডার এবং অটিস্টিকদের নিয়ে। এসব কাজের জন্য তিনি মোবাইল, সেন্সর এবং সোস্যাল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। ২০০২ সালে কিয়েন্টজ ইউনিভার্সিটি অব টলেডো থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে জর্জি অ্যাবোডের অধীনে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০০৮ সালে কম্পিউটার বিজ্ঞানে লাভ করেন পিএইচডি ডিগ্রি। তার কাজের স্বীকৃতিস্বরূপ প্রচুর পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ২০০৯ সালে তিনি লাভ করেন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ক্যারিয়ার অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে নিজের ডিপার্টমেন্টের জুনিয়র ফ্যাকাল্টি ইনোভেটর পুরস্কার অন্যতম। এ ছাড়া চলতি বছরেই তিনি লাভ করেন ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর টেকনোলজি রিভিউ ইনোভেটর আন্ডার ৩৫। ৩৫ বছরের নিচে যেসব গবেষক-বিজ্ঞানী রয়েছেন বিশ্বব্যাপী, তাদের মধ্য থেকেই এই পুরস্কারে নির্বাচন করা হয়েছে সেরা কয়েকজন গবেষককে।