প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
অ্যাপল সম্প্রতি অবমুক্ত করেছে তাদের জনপ্রিয় প্রযুক্তি পণ্য আইপ্যাডের নতুন সংস্করণ আইপ্যাড এয়ার। অ্যাপল’র ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও টিম কুকের হাতে নতুন সংস্করণের সেই আইপ্যাড এয়ার দেখা যাচ্ছে।
০০০
ম্যাক অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ম্যাক ওএসএক্স ১০.৯ এবারে ছাড়া হয়েছে বিনামূল্যে। ছবিতে ম্যাভেরিকস কোড নামের এই অপারেটিং সিস্টেমকে পরিচয় করিয়ে দিচ্ছেন অ্যাপল’র সফটওয়্যার প্রকৌশল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ফ্রেডরিঘি।
০০০
পাশের ছবিতে অ্যামাজন প্রধান জেফ বেজোসকে দেখা যাচ্ছে দুই হাতে দুইটি কিন্ডল ফায়ার প্রদর্শন করতে। কিন্ডল ফায়ার এইচডিএক্স নামে বাজারে এসেছে তাদের ট্যাবলেট পিসির এই নতুন সংস্করণ। এর একটির আকার ৮.৯ ইঞ্চি, অন্যটির ৭ ইঞ্চি।
০০০
মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে গেলেও নতুন স্মার্টফোন নিয়ে আসা থেমে নেই নকিয়ার। প্রথমবারের মতো ট্যাবলেট পিসিও বাজারে এনেছে তারা। পাশের ছবিতে নকিয়ার প্রধান স্টিফেন ইলোপকে দেখা যাচ্ছে লুমিয়া ২৫২০ মডেলের এই প্রথম নকিয়া ট্যাবলেট পিসি হাতে।
