জামালপুরে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি স্থানীয় আমির উদ্দিন নামে এক ভূমিদস্যু দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে স্থানীয় ভূমি প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। জানা যায়, হাটচন্দ্রা এলাকার বাসিন্দা খন্দকার লুত্ফর রহমান স্বাধীনতার পর ৯৮/৭২ অধ্যাদেশ মূলে ১৫.৫১ একর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করেন। সরকারি বিধি মোতাবেক ওই জমি পরবর্তীতে এলাকার বিভিন্ন ব্যক্তি এক বত্সরের জন্য লিজ নেয়। এমতাবস্থায় এলাকার চিহ্নিত ভূমিদস্যু আমির উদ্দিন ভুয়া দলিলের মাধ্যমে উক্ত জমি নিজের বলে দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ আমির উদ্দিন দীর্ঘদিন নিরব থাকার পর আবারও জমি দখলের পাঁয়তারা করছে। ইতোপূর্বে ২ বার সে জমিতে রাতের আঁধারে ঘর তুলে দখলে নেয়ার চেষ্ঠা চালায়। সরকারি সম্পদ যাতে বেহাত না হয় সে জন্য এলাকার সচেতন মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ভূমি উদ্ধারের দাবি জানিয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে আমির উদ্দিনের বিরুদ্ধে দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য করে পূনরায় ওই জমিতে ঘর তোলার চেষ্টা চালানো হচ্ছে। আমির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
