কুমিল্লায় ৯ মাসে ১০৮ খুন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১৯
কুমিল্লায় চলতি বছরে গত ৯ মাসে ১০৮ জন খুন হয়েছে। জমি-জমা সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ ও রাজনৈতিক বিরোধের জের ধরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এসব খুনের ঘটনা ঘটেছে। জেলায় নারী ও শিশু নির্যাতন ছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ অন্য অপরাধ ক্রমাগত বাড়ছে। জেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ১২টি, ফেব্রুয়ারিতে ১০টি, মার্চে ১১টি, এপ্রিল ও মে মাসে ১৩টি করে ২৬টি, জুনে ১০টি, জুলাই ও আগস্টে ১৫টি করে ৩০টি ও সেপ্টেম্বরে ৯টিসহ ১০৮টি খুনের ঘটনা ঘটে। পুলিশের খাতায় এ হিসাব অনুযায়ী জেলায় গড়ে প্রতি মাসে ১২ জন খুন হয়েছে। এছাড়া এ নয় মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে। এসময়ে ৬৫১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় সকল আসামিকে পুলিশ গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণের মাধ্যমে আইনের আওতায় এনেছে। জেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।