মান্দায় অপহূত স্কুলছাত্র বাগমারায় উদ্ধার
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় অপহূত স্কুলছাত্র নিরব (১২) কে অপহরণের ৩দিন পর রাজশাহীর বাগমারা থানা পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, গত সোমবার বাগমারা উপজেলার শিকদারী সালেহা ইমারত ডিগ্রী কলেজের পার্শ্বে থেকে অপহরণকারী রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউপি বিপ্রকয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র গোলাম মোস্তফাকে (৩০) গ্রেফতার করে এবং অপহূত স্কুল ছাত্র নাজমুল হোসেন নিরবকে উদ্ধার করে মান্দা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মান্দা থানা পুলিশ অপহরণকারীকে জেল হাজতে পাঠিয়েছে।
যুবদল নেতার মৃত্যুতে কুলিয়ারচরে প্রতিবাদ সভা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ ১৮ দলীয় জোটের আহবানে হরতালের দ্বিতীয় দিনে কুলিয়ারচর উপজেলার যুবদল নেতা হাসান আলী পুলিশের টিয়ার সেলের আঘাতে মৃত্যুবরণ করায় উপজেলা বি,এন,পি গতকাল মঙ্গলবার মিছিল ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এম,পি এ্যাডভোকেট ফজলুর রহমান, উপজেলা বি,এন,পি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফুল আলম, উপজেলা বি,এন,পির সম্পাদক নূরুল মিল্লাত, পৌর বি,এন,পির সভাপতি হাজী রফিকুল ইসলাম।
বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালন
বাগেরহাট প্রতিনিধি \ “সাদাছড়ি, বাড়ায় নিরাপত্তা, দেখায় পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বাগেরহাটে “বিশ্ব সাদাছড়ি দিবস-১৩” উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর র্যালি ও পরে এক আলোচনা সভার আয়োজন করে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী। জেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহুল আমীন শেখ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাবুিল হক খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ হরতালের প্রথমদিন মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখানে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও পুলিশের হামলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাটসহ দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। গত সোমবার জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ন-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু প্রমুখ।
ঝিনাইগাতী ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর নির্বাচন চলাকালীন বিকেল ৩টার দিকে এ নির্দেশ আসার পর কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেন। জানা গেছে, বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য অনন্ত মাষ্টার কে বাদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা এ নির্বাচনের আয়োজন করে। এ প্রেক্ষিতে দাতা সদস্য অনন্ত মাষ্টার ঝিনাইগাতী সহকারী জজ আদালতে মোকাদ্দমা নং-৯৪/২০১৩ অন্যপ্রকার মোকাদ্দম দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অন্তবর্তী কালিন নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই সাথে ১ থেকে ৬নং বিবাদী গনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ জারি করেন।
দুর্গাপুরে ইউএনওর বিরুদ্ধে জিডি
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তন করায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত বাবুল। জানা যায়, ইউএনও বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কোন রকম অনুমোদন ছাড়াই কর্তন করে হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভ্যান গাড়ি প্রকল্পের কাজে ব্যবহার করছেন। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান বাদি হয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ইউএনও সাইফুল ইসলাম-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরকারি বিধি অনুযায়ী কাজ করেছি।
বদরগঞ্জে স্পিড ব্রেকারের দাবিতে গণস্বাক্ষর
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জ পৌর শহরের জীতেন দত্ত বিজয় মঞ্চ মোড়ে স্পিড ব্রেকার বসানোর জন্য গণস্বাক্ষর করেছে এলাকাবাসী। রংপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত এক আবেদনে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাক্ষর করেছেন। জানা যায়, বদরগঞ্জ উপজেলা শহরে বাইবাস সড়ক না থাকায় পৌর শহরের ভিতর দিয়ে বাস-ট্রাকসহ সেনাবাহিনীর ভারি যানবাহন চলাচল করে। ফলে জীতেন দত্ত মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম সাহা বলেন, জীতেন দত্ত মোড় চলাচলের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ার কারণে আমার কিছু করার নেই।
বকশীগঞ্জে দুধের বাজারে হরতালের প্রভাব
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ হরতালের প্রভাব পড়েছে বকশীগঞ্জ উপজেলার দুধের বাজারে। গত ২ দিনে বকশীগঞ্জ উপজেলার প্রতিটি হাটবাজারে প্রতিকেজি দুধ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকায়। হরতালের কারণে দূর-দূরান্তের পাইকাররা আসতে না পারায় দুধ কম দরে বিক্রি হয়েছে। জানা গেছে, স্থানীয় চাহিদা মিটিয়ে বকশীগঞ্জ ছাড়াও শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা সরাসরি বকশীগঞ্জ উপজেলা থেকে দুধ আমদানি করে থাকে। এ কারণে প্রতিদিন খুচরা বিক্রেতারা প্রতি কেজি দুধ ৬৫/৭০ টাকায় বিক্রি করতো ।
নাচোলে ১৮ দলের মিছিল সমাবেশ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ গত সোমবার নাচোলে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে নেতৃত্বে দেন পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী প্রভাষক মোবারক হোসেন। উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সেক্রেটারী দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুর কামাল, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সারিফুল ইসলাম প্রমুখ।
কলমাকান্দায় কারিতাসে এডভোকেসি সভা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরে কারিতাস আলোঘর প্রকল্প কলমাকান্দা এরিয়ার উদ্যোগে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। দেবাশীষ গোস্বামীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মিঃ সত্যজিত্ মৃ। প্রধান অতিথি ছিলেন তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ডাঃ মোঃ রেজাউল আহসান মুছলিমী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ শহীদুল্লাহ, সমাজসেবা অফিসার, প্রাণতোষ সরকার (ভারঃ), উপজেলা শিক্ষা অফিসার, এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ।
মাগুরায় বাল্য বিবাহ রোধে সেমিনার
মাগুরা প্রতিনিধি \ গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারীর সার্বিক অধিকার সুরক্ষায় বাল্য বিবাহ রোধ করুন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা প্রচার উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাঁদ সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন, ডাঃ সুনিল চন্দ্র রায়। বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, এনজিও কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হালিম। সেমিনারে বক্তারা বাল্য বিবাহ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তেরখাদায় স্যানিটেশন মাস উপলক্ষে সভা
তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে গত সোমবার এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুরুজ আলম খান, উপজেলা কৃষি অফিসার বাদল চন্দ্র বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার চায়না রানী দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দীন, নির্বাচন অফিসার মোঃ সাইফুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
মহাদেবপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ গত সোমবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানের নেতৃত্বে বিজিবি নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের জোয়ানরা উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউলের বাড়ির ঘরের ভিতরের চৌকির নিচ থেকে প্যাকেট করা অবস্থায় ৫০ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
টেকনাফে সীমান্তে ১০ রোহিঙ্গাকে পুশব্যাক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার ১০ রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ৪২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সফিকুর রহমান জানান, গত সোমবার ভোরে শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়া নাফনদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এদের মানবিক সহযোগিতা দিয়ে সকাল ১০ টায় একই সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় তত্পর রয়েছে বলে জানান।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি \ কয়েকটি টেলিভিশন এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব। গত সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সমপাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, রাধাপদ দেব সজল, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সৈয়দ মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব, আকমল হোসেন নিপু, আনহার আহমদ সমশাদ, এম শাহজাহান আহমদ প্রমুখ। বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি বিচারের আওতায় নিয়ে আসার জন্য।
কালকিনিতে স্যানিটেশন মাসের র্যালী
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ ‘আমার হাতেই আমার সুস্বাস্থ্য’ স্লোগানে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। এতে ইউএনও মোহাম্মদ ফজলে আজিম ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সাত্তার, উপজেলা ব্র্যাকের সিনিয়র ব্যবস্থাপক খোন্দকার দিদার হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো: ফয়জুল হক, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন প্রমুখ।
ভূঞাপুরে আওয়ামী লীগের লগি-বৈঠা মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভূঞাপুরের গোবিন্দাসীতে হরতাল বিরোধী লগি-বৈঠা মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলটি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা, যুগ্ম সম্পাদক সুরুজ্জামান প্রমুখ।
গফরগাঁওয়ের বরমী সড়কে গণছিনতাই
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁও পৌরশহরের কলেজ রোড এবং গফরগাঁও-বরমী সড়কের কাওয়ামারাবন্দ এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী চক্র রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রিক্সা, মটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা যাত্রীসহ পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।
আদমদীঘিতে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ গত সোমবার বগুড়ার আদমদীঘিতে নশরতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নয়া কমিটি ঘোষণা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু মোতালিব, সাধারণ সম্পাদক ফজলুল হক সাগরের এক যৌথ স্বাক্ষরে বেলাল হোসেন জুয়েলকে সভাপতি, বুলু মাহমুদ ঠান্ডুকে সাধারণ সম্পাদক, রুবেল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
হোমনায় সেকায়েপ প্রকল্পের ওরিয়েন্টেশন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সেকায়েপ প্রকল্পের আওতায় পিএসপিতে কৃতকার্য মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিকৃত সুবিধাভোগী দরিদ্র শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করার লক্ষ্যে বুথ মেম্বার ও সুপার ভাইজারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা প্রকৌশলী আঃ সোবহান, মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
মেহেরপুরে হরতাল বিরোধী সাংস্কৃতিক আড্ডা
মেহেরপুর প্রতিনিধি \ ‘হরতালকে না বলুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন’ এই শ্লোগানকে মনে প্রাণে ধারণ করে গতকাল মঙ্গলবার হরতাল বিরোধী সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়। মৃত্তিকা গ্রুপ থিয়েটার ও মেহেরপুর উন্নয়ন ফোরামের আয়োজনে এ আড্ডায় বক্তৃতা, গান ও কবিতার মাধ্যমে দেশের চলমান প্রতিহিংসার রাজনীতিকে বর্জন করার আহ্বান জানানো হয়। এসময় মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, মেহেরপুর উন্নয়ন ফোরামের আহ্বায়ক আতাউর রহমানসহ উভয় সংগঠনের সদস্যদের মধ্যে শাহিন, রাসেল, সাব্বির, সাদ্দাম, কাব্য, সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
নোয়াখালী প্রতিনিধি \ জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ দলের কর্মীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীর মাঝে সদর উপজেলা প্রশাসন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৯১ হাজার টাকার চেক ও ২৬ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান চেক ও ঢেউটিন বিতরণ করেন ।
আক্কেলপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার মতবিনিময়
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম বাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোলায়েম হোসেন প্রমুখ।
নাগেশ্বরীতে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ইউএনও মোল্লা মিজানুর রহমানের বিদায়ী সংবর্ধনা ও আওয়ামী লীগ নেতার ঈদ শুভেচ্ছা তোরণ ভাংচুরের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গত সোমবার মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হামিদুল হক, আজাদ আলী, পূজা প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, লিটন চৌধুরী প্রমুখ।
ত্রিশালে বঙ্গবন্ধু যুব সংঘের উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে গত সোমবার বঙ্গবন্ধু যুব সংঘের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। শাহাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাঃ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছফির উদ্দিন শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
