একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে চতুর্থ ও শেষ সাক্ষী ছেলে ব্যারিস্টার মো. নাজিবুর রহমানের অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার সকালের সেশন নির্ধারণ করে দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে রাষ্ট্রপক্ষকে দুপুরের পর দ্বিতীয় সেশন থেকে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শুরুর নির্দেশ দেয়া হয়েছে। আসামিপক্ষের সময় চেয়ে করা এক আবেদনের পর গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
হরতালের জন্য সাক্ষী ও আসামিপক্ষের সিনিয়র আইনজীবী ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় সময় চেয়ে আবেদন করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। বিগত দুই দিনের মতো একই যুক্তি দেখিয়ে তিনি সময় প্রার্থনা করেন। তবে এ আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। শুানানি শেষে আবেদনটি খারিজ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সময় চেয়ে আসামি পক্ষের করা আবেদন খারিজ করা হলো। তবে ন্যায় বিচারের স্বার্থে আমরা সাক্ষীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের জন্য কাল (বুধবার) একটি সেশন সময় দিচ্ছি। এসময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আজ বিকেলে যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুতি নিয়ে আসতে বলেন। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগে জামায়াতের এ শীর্ষ নেতার বিচার চলছে।
