ফুটবল খেলোয়াড় দলবদলের সময় বাড়ছে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:১৪
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ঘোলাটে পরিবেশে আটকে যাচ্ছে ফুটবল মৌসুম। এই মুহূর্তে দেশের শীর্ষ ক্লাবগুলো খেলোয়াড় দলবদলে আগ্রহী নয়। গতকাল সন্ধ্যায় তারা বাফুফেকে চিঠি দিয়ে দলবদলের সময় বাড়াতে অনুরোধ করেছে। আর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন তারা আজ অথবা আগামীকালই জরুরি সভা ডাকবেন। সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন। তবে লিগ কমিটি আভাস দিয়েছে ক্লাবগুলোর আবেদন বিবেচনা করা উচিত। খেলোয়াড় দলবদলের সময় শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। হাতে আছে মাত্র দুই দিন। কিন্তু এই সময়টি থাকছে না। সময় বাড়ানোর পক্ষে বাফুফে। কারণ বাফুফে ক্লাবগুলোর সুবিধা-অসুবিধা আমলে নিতে চায়। মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন, ফেনীর সকার ক্লাব চিঠি দিয়ে দেশের বর্তমান অস্থিতিশিল পরিস্থিতির প্রেক্ষাপটে খেলোয়াড় রেজিষ্ট্রেশনের সময় বাড়াতে অনুরোধ করেছে। বাফুফে হয় তো খুব বেশি সময় বাড়াবে না। তবে আপাতত খেলোয়াড় দলবদল স্থগিত হয়ে গেলেও খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ক্লাবগুলোর অনেকেই অর্থিক সংকটে রয়েছে। খেলোয়াড় রেজিষ্ট্রেশন করাতে যে অর্থ প্রয়োজন তা অনেক ক্লাবই সংগ্রহ করতে পারেনি। ফলে দলের অনুশীলনও শুরু হয়নি। ক্লাব কর্মকর্তারা তাদের পৃষ্ঠপোষকদের কাছে হাত বাড়ালে শূন্য হাতে ফিরতে হচ্ছে। অর্থ চাইলে পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরছেন বলে জানা গেছে। এই অবস্থায় তারা নাকি জানিয়ে দিচ্ছেন টাকা নেই। ব্যবসা ভালো না। মন্দা অবস্থায় প্লিজ কথা বলবেন না। পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে খেলোয়াড় দলবদল কবে হবে এবং কবে ফেডারেশন কাপ টুর্নামেন্ট দিয়ে ফুটবল মৌসুম শুরু হবে তা অনিশ্চিত। ‘বিষয়টা নিয়ে আমরাও দুশ্চিন্তায় রয়েছি। কারণ ক্লাবগুলোকে নিয়েই তো আমরা খেলার আয়োজন করে থাকি-বললেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, সবাই চাচ্ছে দলবদলের সময় বাড়ুক। কারণ একটা অনিশ্চিয়তার মধ্যে আপাতত খেলোয়াড় রেজিষ্ট্রেশন করাতে চাইছে না। সবাই আশা করছে সাত থেকে দশ দিনের মধ্যে অনিশ্চিয়তা কেটে যাবে।’ গত ২৬ আগস্ট খেলোয়াড় দলবদলের দিন শুরু হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনো খেলোয়াড় নাম রেজিষ্ট্রেশন করাননি। লিগ কমিটি সময় বাড়ালেও দু’একটি ক্লাব আজ কিংবা আগামীকাল রেজিষ্ট্রেশন করাতেও পারে।