আয়নার কেয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:০৭
ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের সঙ্গে কেয়ার লুকোচুরির খেলা। চলচ্চিত্রে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও নিজের খেয়ালিপনায় সময়ে-অসময়ে হারিয়ে যেতে বসা নায়িকাদের মাঝে যে ক’জন উল্লেখযোগ্য তাদের মধ্যে সেরা আসনটি দখল করে আছেন কেয়া। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি বছরের ব্যবধানে কেয়া যখনই সমস্ত গুঞ্জনকে পেছনে ফেলে চলচ্চিত্রে ফিরেছেন ততবারই তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন পরিচালকরা। গ্ল্যামারাস এই নায়িকা মাঝের বেশ কিছুদিন নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন। কিন্তু স্বভাব যার চঞ্চলতায়, সে কি আর ঘরে থাকে দুয়ার বন্ধ করে। তাই তো কেয়া আবারও খুব ভালোভাবেই ফিরছেন চলচ্চিত্রে। গেল ঈদে অনেক দিন পর মুক্তি পেয়েছে কেয়া অভিনীত রাকিবুল আলম রাকিব পরিচালিত চলচ্চিত্র ‘প্রেমিক নাম্বার ওয়ান’। ছবিটিতে কেয়ার বিপরীতে ছিলেন আমান। ঈদের পরপরই কেয়া আলোচিত হচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আয়না-কাহিনী’র জন্য। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘আয়না কাহিনী’ উপন্যাস অবলম্বনে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ নায়ক রাজ রাজ্জাক নির্মাণ করেছেন ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রটি। এটি নায়ক রাজ পরিচালিত ২০তম চলচ্চিত্র। যৌতুকবিরোধী গল্পের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কেয়া। তার বিপরীতে আছেন রাজ্জাকপুত্র সম্রাট। আগামী ৮ নভেম্বর দেশজুড়ে মুক্তির স্বাদ পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। ছবির গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল স্কুল শিক্ষকের মেয়ে আয়না। প্রকৃতির কোলে বেড়ে ওঠা আয়না একসময় গ্রামের প্রভাবশালী এক যুবকের সঙ্গে প্রেম শুরু করে। কিন্তু দীর্ঘদিন প্রেম করলেও বিয়ে করতে অস্বীকৃতি জানায় সেই যুবক। এমন অবস্থায় অপমান ও মানসিক যন্ত্রণায় আয়না রাতের অন্ধকারে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং করার জন্য এগিয়েও যান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অপরিচিত যুবক সম্রাট। জানতে চায় আত্মহত্যার কারণ। সম্রাট সব শুনে পরামর্শ দেয়, প্রতিবাদস্বরূপ প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ধর্মঘট করার। যেই কথা সেই কাজ। সহজ সরল আয়না অমনি প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। এমন সময় সেখানে সম্রাটও এসে উপস্থিত হয়। অনশন নিয়ে নানান ঘটনা ঘটলেও একসময় সম্রাটের সততা আর ব্যক্তিত্বের প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আয়না। এভাবেই গল্প মোড় নেয় অন্যদিকে। দীর্ঘদিন চলচ্চিত্রে অনুপস্থিত থাকার পর মূল নায়িকা হিসেবে কেয়া তার প্রত্যাবর্তন নিয়ে খুবই আশাবাদী। এ সম্পর্কে কেয়া বলেন, ‘এই ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। যা আমার অভিনয় জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র ছিল। একজন শিল্পী হিসেবে নিজের কাছে নিজের দায়ত্বদ্ধতা অনুভব করি। তাই এ ধরনের চরিত্রে অভিনয় করার আগ্রহ আমার আগে থেকেই ছিল। পরিচালক নায়ক রাজ রাজ্জাক আমাদের শ্রদ্ধেয় অভিভাবক। তিনি সেই সুযোগটি করে দিয়েছেন বলে তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। পাশাপাশি তার পরিচালনায় কাজ করতে পেরে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আশা করছি, ‘আয়না কাহিনী’ ছবির সফলতার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে।’ কেয়ার এই ভাবনার সাথে একমত হয়েছেন অনেক চলচ্চিত্র বোদ্ধারা। কারণ কেয়া অসংখ্য ছবিতে অভিনয় করলেও যৌতুকবিরোধী গল্প নিয়ে নির্মিত কোনো ছবিতে এই প্রথম অভিনয় করেছেন। যেখানে আবার ইমপ্রেস টেলিফিল্ম, ইমদাদুল হক মিলন এবং নায়ক রাজ রাজ্জাকের মতো স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ও গুণী ব্যক্তিরা জড়িত। তা ছাড়া একজন কেয়ার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠানিক কোনো স্বীকৃতিও মিলতে পারে এই চলচ্চিত্রের মাধ্যমে, এমনও কথা বলেছেন অনেকেই। ‘আয়না কাহিনী’র পর কেয়া বর্তমানে ব্যস্ত আছেন পল্লী মালেক পরিচালিত ‘ওয়ান থ্রি ফোর’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘তোমার প্রেমে পড়েছি’, বাবুল রেজা পরিচালিত ‘কাটা দাগ’ এবং লেলিন হায়দার পরিচালিত ‘মিশন সিআইডি’। এ ছাড়া আরও কিছু ছবিতে অভিনয় করার কথা চলছে। উল্লেখ্য, ছোট্টটি থেকেই বেশ দুরন্ত কেয়া। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তাই তো পরিবারের সবার অজান্তে নিজের ঘরের দরজা বন্ধ করে শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়াদের ছবি দেখে দেখে তাদের সঙ্গে নৃত্য করে বেড়াতেন কেয়া! তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার নাচের শিক্ষক শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়া! সরাসরি নয়, টিভিতে তাদের নাচের সঙ্গে আমি নিজেও নৃত্য করতাম। আমি আজ যেটুকু নাচতে পারি তা তাদের কল্যাণেই।’ মাত্র ১৩ বছর বয়সেই কেয়া পা রাখেন চলচ্চিত্রাঙ্গনে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবিতে আমিন খানের সঙ্গে প্রথমবার অভিনয় করেন। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরের মাথায় শ’খানেক ছবির নায়িকা বনে গিয়েছিলেন কেয়া। পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হিসেবে কেয়াই সর্বাধিক টিভিসিতে অংশ নিয়েছেন। আর কোনো পিছুটানে যেন কেয়া হারিয়ে না যান, সকালের শিশির ভেজা রোদে কেয়া পাতার যে শিহরণ প্রকৃতিতে বিস্তৃত হয় তার স্নিগ্ধতার অশেষ হয়ে আগামী দিনগুলোতে কেয়া রচনা করবেন নতুন কোনো অধ্যায় এমনি প্রত্যাশা চলচ্চিত্র অনুরাগীদের। ছবি আশীষ সেনগুপ্ত