হূত্বিকের কৃষ থ্রি মিশন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:০৯
দীর্ঘ প্রতীক্ষিত, বহুল আলোচিত বলিউডি সিনেমা ‘কৃষ থ্রি’ আসছে। চলতি বছরের একটি বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে বিবেচিত হবে তা। ১০০ কোটি রুপি বাজেটে তৈরি সায়েন্স ফিকশনধর্মী ‘কৃষ থ্রি’ ছবিটি হূত্বিক রোশনের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। তার গত কয়েকটি ছবি বক্স অফিসে ভালো সাফল্য পেলেও সুপারহিরো কৃষরূপে এখনও তার গ্রহণযোগ্যতা কতটুকু অটুট রয়েছে সেটিও প্রমাণিত হবে ‘কৃষ থ্রি’র মাধ্যমে। দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো নানা উপাদানে পরিপূর্ণ এ ছবিটি বলিউডের বক্স অফিস কালেকশনের অতীত সব রেকর্ড ভেঙে দেবে বলে আলোচনা হচ্ছে। ‘কৃষ থ্রি’কে ঘিরে হূত্বিক রোশনের ক্যারিয়ারের সাম্প্রতিক চালচিত্র তুলে ধরেছেন রেজাউল করিম খোকন ‘কহো না পেয়ার হ্যায়’-এর মতো রোমান্টিক ছবির বিরাট সাফল্য দিয়ে বলিউডে হূত্বিক রোশনের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সেই সাফল্যের ধারা অপ্রত্যাশিতভাবে রুদ্ধ হতে চলেছিল ক্রমাগত ফ্লপের ধাক্কায়। সেই দুর্যোগ মুহূর্তে ‘কোই মিল গ্যায়া’ ছবিটি তার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। সায়েন্স ফিকশন ও অ্যালিয়েন বিষয়ক গল্পের ছবিতে ঋত্বিক এক বুদ্ধি প্রতিবন্ধী মানুষের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে ভিন্নভাবে তুলে ধরে সফল হয়েছিলেন। সেটা ২০০৩ সালের কথা। ছবিটি হূত্বিকের ক্যারিয়ারে চাঙা ভাব এনে দিলেও আবার ঝিমিয়ে পড়েন পরবর্তী ছবিগুলোর ক্রমাগত ব্যর্থতায়। তেমন পরিস্থিতিতে ২০০৬-এ ‘কৃষ’ ছবিটি ঋত্বিক রোশনকে আবারও শক্ত একটি অবস্থানে ফিরিয়ে আনে। এ ছবিতে সুপারহিরো ইমেজে পর্দায় তার বিচরণ সব বয়সী সব শ্রেণীর দর্শককে চমকিত করে। ‘কৃষ’ ছবিতে সুপারম্যান রূপে হূত্বিকের গ্রহণযোগ্য তাকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছিল। ‘কৃষ’ ছবির বিরাট সাফল্যের পরপরই ছবিটি পরিচালক-প্রযোজক রাকেশ রোশন এ ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দেন। সেই থেকে প্রায় ৬-৭ বছর লেগে গেছে ‘কৃষ’ সিরিজের তৃতীয় ছবিটি রুপালি পর্দায় আসতে। কারণ প্রথমে ‘কৃষ থ্রি’ ছবির যে চিত্রনাট্যটি পেয়েছিলেন বাপ-বেটা রাকেশ-হূত্বিকের সেটি মনঃপুত হয়নি। হলিউডি অত্যাধুনিক চোখ ধাঁধানো স্পেশাল এফেক্ট-সমৃদ্ধ সায়েন্স ফিকশন ছবিগুলো দেখে অভ্যস্ত দর্শকদের জন্য স্পেশাল কিছু উপহার দেওয়ার অভিপ্রায় ছিল তাদের। তখন কৃষ প্রজেক্ট স্থগিত রেখে প্রযোজক রাকেশ রোশন হূত্বিক রোশনকে নায়ক করে পরিচালক অনুরাগ বসুকে দিয়ে নির্মাণ করেন ‘কাইটস’ ছবিটি। সামাজিক রোমান্টিক ধাঁচের ছবিটি দর্শক ভালোভাবে গ্রহণ না করায় পরিচালক-প্রযোজক রাকেশ রোশন আবার ‘কৃষ থ্রি’ নির্মাণে কোমর বেঁধে নেমে পড়েন। ২০১১ সালের ডিসেম্বরে এ ছবির শুটিং শুরু হয়। নির্মাণকাল থেকেই ছবিটি দর্শকদের নানাভাবে কৌতূহলী করে। এ ছবির মূল চরিত্র কৃষের জন্য নিজের শরীরটাকে উপযোগী করতে হূত্বিক আন্তর্জাতিক ট্রেনারের কাছে নিয়মিত ট্রেনিং নিয়েছেন। বয়স্ক রোহিত চরিত্রে রূপদানের জন্য প্রসথেটিক মেকআপ নিতে প্রতিদিন ৪-৫ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে তাকে। ‘কৃষ থ্রি’ ছবিতে ডাবল রোলে শুধু অভিনয় নয়, এর পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ‘কৃষ থ্রি’ ছবিটিকে হলিউডি সায়েন্স ফিকশন মুভির চেয়ে কোনো অংশে কম মনে হবে না দর্শকদের কাছে। ভিজ্যুয়াল এফেক্টের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এ ছবিতে। এজন্য হলিউডের এক্সপার্টরা কাজ করেছেন। বাজেটের ব্যাপারে চিন্তাভাবনা করেননি প্রযোজক-পরিচালক রাকেশ রোশন। ১০০ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে এ ছবির বাজেট। শুধুমাত্র চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্টই নয়; এ ছবির কাস্টিং, পাত্রপাত্রীদের লুক, সেটআপ, মেকআপ, লোকেশনে বৈচিত্র্য, ফটোগ্রাফি, নাচ-গান, পারফর্মেন্স সব কিছুতেই চমক আনার চেষ্টা ছিল। ‘কৃষ থ্রি’ ছবিতে কৃষের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে কাল চরিত্রটি সৃষ্টি করা হয়েছে। এ চরিত্রে শাহরুখ খান, অজয় দেবগণ প্রমুখের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বিবেক ওবেরয় অভিনয় করেছেন। এখানে বিবেক অভিনয়ের ক্ষেত্রে যেমন দুর্দান্ত চমক দেখাবেন ঠিক তেমনিভাবে তার গেট আপেও রয়েছে অভিনবত্ব। যা দর্শকদের অবাক করবে। একইভাবে এ ছবিতে একজন অ্যালিয়েন নারী মায়া চরিত্রে খলনায়িকার ইমেজে কংগনা রানাওতের অভিনয়ের কথা উল্লেখ করার মতো। তার অভিনীত কায়া চরিত্রটি দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবেই। বলিউডের ছবিতে এ ধরনের নারী ভিলেন চরিত্র আগে দর্শক কখনও দেখেনি। মজার ব্যাপার হলো কংগনা অভিনীত অ্যালিয়েন নারী চরিত্র কায়ার মুখে কোনো সংলাপ নেই। ‘কৃষ’-এ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তাকে দেখানো হলেও কৃষ-রূপী হূত্বিক রোশনের সঙ্গে কংগনার ‘তু হি বাতা’ রোমান্টিক গানটি এখন সবার মুখে মুখে ফিরছে। ছবিতে এই গানের দৃশ্যে কংগনার লুক, সাজ-পোশাক, গ্ল্যামারাস আবেদনময় পর্দা উপস্থিতি এরই মধ্যে দর্শকদের আন্দোলিত করেছে। ‘কৃষ থ্রি’ ছবিতে নায়ক হূত্বিকের প্রধান নায়িকা প্রিয়াংকা চোপড়াই আছেন সিক্যুয়ালের আগের ছবির মতোই। তবে ‘কৃষ থ্রি’ ছবিতে খলনায়িকা কংগনা রানাওতই দর্শকদের তুলনামূলকভাবে বেশি আকৃষ্ট করবেন বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। ‘কৃষ থ্রি’ ছবিটি নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা-কল্পনা। শাহরুখ, আমির, সালমান, রণবীর কাপুরদের বক্স অফিস সাফল্যের রেকর্ড ভেঙে দিতে আলোড়িত করার মতো অনেক উপাদান রয়েছে এতে। হূত্বিক রোশন তার অভিনয় জীবনে রোমান্টিক, সামাজিক, পারিবারিক, ঐতিহাসিক, অ্যাকশন সব ধরনের ছবিতেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। গত কয়েক বছরে ‘ধুম টু’, ‘যোধা আকবর’, ‘অগ্নিপথ’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো বিচিত্র স্বাদের ছবিতে তাকে দর্শক দেখেছেন। তবে সুঅভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে সবকিছুকে ছাড়িয়ে সুপারহিরো ইমেজে কৃষ চরিত্রে সব সময় সার্থক ও সফল থাকতে চাইছেন। ‘কৃষ’ সিরিজের ছবিগুলো ঋত্বিকের জন্য সব সময় সাফল্যের সম্ভাবনা হয়ে এসেছে। এ কারণেই ‘কৃষ থ্রি’ ছবিতে নিয়ে অনেক বেশি প্রত্যাশা তার। দর্শক আজও কৃষ চরিত্রে তাকে ভীষণভাবে পছন্দ করে, সেই গ্রহণযোগ্যতা প্রমাণ করতে জীবনের একটি বড় বাজি ধরেচেন ঋত্বিক রোশন। এ কাজে তার মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন ছবিটির প্রযোজক-পরিচালক পিতা রাকেশ রোশন। দেখা যাক, ‘কৃষ’ মিশনে হূত্বিক রোশন কতটা সাফল্যের প্রমাণ দিতে পারেন।