সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে শুরু হয়েছে ‘দেশ কি বেটি নন্দিনী’ সিরিয়ালটি। সমাজ সচেতন, পরোপকারী, আধুনিক মনস্ক সাধারণ পরিবারের এক তরুণীর জন্য রাজনৈতিক নারী ব্যক্তিত্বে পরিণত হওয়ার চমকপ্রদ গল্প নিয়ে আবর্তিত হচ্ছে সিরিয়ালটি। অগণিত ফ্যামিলি ড্রামা সিরিয়ালের ভিড়ে কাহিনী বৈচিত্র্যের কারণে ‘দেশ কি বেটি নন্দিনী’ সিরিয়ালের দর্শক সংখ্যা বেড়েই চলেছে। দর্শকপ্রিয় নতুন এই হিন্দি টিভি সিরিয়ালের নানা বিষয় তুলে ধরেছেন রেজাউল করিম খোকন
সনি টিভির নতুন পলিটিক্যাল ড্রামা শো’র মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নন্দিনী চরিত্রটি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সহজ সরল প্রাণবন্তু হাসিখুশি স্বভাবের মেয়ে নন্দিনীর পরিবারের বাবা, মা, ভাই, বোন রয়েছে। বাবা অশোক পান্ডে ছিলেন সরকারি চাকুরে। সদ্য চাকরিতে অবসর গ্রহণ করেছেন পেনশনের টাকা-পয়সা এখনও তুলতে পারেননি। মা আঁচল পান্ডে সাধারণ গৃহবধূ। নন্দিনীর ভাই সিদ্ধার্থ পড়াশোনা শেষ করে এখনও বেকার। ভালো একটা চাকরির অপেক্ষায় রয়েছে সে। নন্দিনীর ছোট বোন রিতু কলেজ ছাত্রী। নিত্য নতুন ফ্যাশনের প্রতি তার প্রচণ্ড ঝোঁক। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য নন্দিনীই। ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজ করে সে। পরোপকারী নন্দিনী সমাজের কারও বিপদে-আপদে চুপচাপ বসে থাকতে পারে না। সে উপকারের মনোবৃত্তি নিয়ে ছুটে যায়, পাশে গিয়ে দাঁড়ায়, বিপদগ্রস্তদের সাহায্য করে সাধ্যমতো। বিনিময়ে কিছুই চায় না নন্দিনী। প্রাত্যাহিক স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই পরোপকারী মেয়েটি নিরলসভাবে, সবার জন্য কিছু করে আনন্দ পায়। দিল্লি শহরের চাঁদনি চক এলাকায় থাকে নন্দিনীরা। এই রাজধানী শহরের অভিজাত এলাকার একটি বিখ্যাত রঘুবংশী পরিবারে চলছে রাজনৈতিক পারিবারিক ক্ষমতার টানাপোড়েন। রঘুবংশী পরিবারের কর্ত্রী গায়ত্রী দেবী স্বামী একদার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব আততায়ী হাতে নিহত হওয়ার পর রাজনৈতিক দলের হাল ধরেছেন। তার একমাত্র পুত্র রাজবীর রঘুবংশীকে নিয়ে অনেক স্বপ্ন তার। পুত্র রাজবীরকে বিদেশে রেখে লেখাপড়া করিয়েছেন। গায়ত্রী দেবী চান রাজবীর রাজনীতিতে সক্রিয় হোক এবং রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করুক। বিদেশ থেকে দেশে আসার পর মা গায়ত্রী দেবী ছেলে রাজবীরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য চাপ দিতে থাকেন। রাজবীরের রাজনীতিতে বিন্দুমাত্র আগ্রহ নেই। গানের জগতে তার বিচরণ, বিদেশে একজন ভালো সংগীত শিল্পী হিসেবে তার খ্যাতি ও পরিচিতি রয়েছে। রাজবীর একজন সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়তে চায়। পুত্রের মতিগতি দেখে ভীষণভাবে হতাশ তার মা গায়ত্রী দেবী। তিনি চান যেকোনো উপায়ে ছেলেকে রাজনীতির অঙ্গনে আনতে। এ নিয়ে শুরু হয় টানাপোড়েন। রঘুবংশী পরিবারের রাজনীতিক ঐতিহ্যের ধারা বজায় রাখতে দিশেহারা হয়ে পড়ে। যেকোনো মূল্যে রাজবীরকে দিয়ে নিজের লালিত স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চান। এ ক্ষেত্রে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সহজ সরল প্রান্তবন্ত স্বভাবের পরোপকারী আধুনিকমনস্ক মেয়ে নন্দিনীকে রাজবীরের বউ করে পরিবারের নিয়ে আসেন গায়ত্রী দেবী। পুত্রের বদলে পুত্রবধূ নন্দিনী একসময়ে ওঠে রাজনৈতিক দলটির প্রধান কাণ্ডারী। নন্দিনী হয়ে ওঠে সব মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আদর্শ নেত্রী। তেমনি গল্প নিয়ে আবর্তিত হচ্ছে সনি টিভির ‘দেশ কি বেটি নন্দিনী’ সিরিয়াল ইতোমধ্যে কাহিনী বৈচিত্র্যের কারণে ঘরে ঘরে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে তা এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন সুন্দরী টিভি অভিনেত্রী কৃতী নাগুরে। মারাঠি টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার বিচরণ শুরু হলেও আজকাল হিন্দি টিভি সিরিয়ালে তার বিচরণ চোখে পড়ছে। কিছু আগেও কালারস টিভি চ্যানেলে ‘পরিচয়’ সিরিয়ালে তাকে প্রধান একটি চরিত্রে দেখা গেছে। এবার নন্দিনী চরিত্রে বড় ধরনের সুযোগ পেয়েছেন কৃতী। এখন ঘরে ঘরে নন্দিনী হিসেবে কৃতীর পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এখানে রাজবীর রঘুবংশী চরিত্রে অভিনয় করছেন নতুন মুখের অভিনেতা রফি মালিক। সুদর্শন এই তরুণ অভিনেতাও দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, শেহগাল (গায়ত্রী দেবী), পুরস্কার গোগিয়া (সিদ্ধার্থ), বিক্রম সোনি (রোহন), সোনম লাম্বা (রিতু) প্রমুখ। সনি টিভি চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ‘দেশ কি বেটি নন্দিনী’
সিরিয়ালটি দেখানো হয়।
