মাহফুজের জিরো ডিগ্রি
জনপ্রিয় নাট্যাভিনেতা ও নাট্যপরিচালক মাহফুজ আহমেদ ‘জিরো ডিগ্রি’ নামক একটি ছবি প্রযোজনা করছেন। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। প্রযোজক মাহফুজ আহমেদ ছবিটি প্রযোজনা করার পাশাপাশি ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এর রচনা ও পরিচালক করেছেন অনিমেষ আইচ। মহরতে উপস্থিত ছিলেন ছবির প্রধান নায়িকা জয়া আহসান, টেলিসামাদ, রুহী, প্রযোজক আনসারুল আলম লিংকন, প্রযোজক খসরু প্রমুখ। এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমরা চাই ‘জিরো ডিগ্রি’ ছবিটির শুরু থেকে সাংবাদিকসহ সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের গাইড করবেন যাতে করে এটি এমন একটি ছবিতে পরিণত হয় যা এদেশের সকল দর্শকই যেন দেখতে আগ্রহী হয়ে উঠেন।’
--
আবারও মডেল
আবারও মডেল হলেন কণ্ঠশিল্পী তপু। প্রিন্স মাহমুদের সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘নিমন্ত্রণ’-এ তার ও ন্যান্সির গাওয়া গানটির মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। এ প্রসঙ্গে তপু বলেন, আমি এর আগে প্রিন্স মাহমুদের সুর-সংগীতে ‘ভুবন ডাঙ্গার হাসি’ গানের মডেল হয়েছিলাম। ওই গানটিতে আমার সঙ্গে ন্যান্সি কণ্ঠ দিয়েছিলেন। এবারও আমার ও ন্যান্সির গাওয়া ‘নিমন্ত্রণ’ গানটির মডেল হয়েছি। এ গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছে লিজা লাবণ্য।’ এদিকে, সম্প্রতি তপুর তৃতীয় একক অ্যালবাম ‘আর তোমাকে’ প্রকাশিত হয়েছে। আর এবারই প্রথম নিজের একক অ্যালবামের সবগুলো গানের কথা, সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে ‘আর তোমাকে’ অ্যালবামটি।
--
ভিন্ন চরিত্রে
ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী নাদিয়া এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন। রাশেদ বিপ্লবের পরিচালনায় ঢাকাইয়া ভাষার নির্মিত এক খণ্ডের নাটক ‘প্রেমের ১৪৪ ধারা’তে দর্শকরা তাকে এমন চরিত্রে দেখতে পাবেন। এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এই নাটকের গল্পটি মজার। সেইসাথে আমার চরিত্রটি ভিন্ন ধরনের। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমানে নাদিয়া অভিনীত ধারাবাহিক নাটক সৈমো নজরুল পরিচালিত ‘কালান্তর’ এটিএন-এ, অম্লান বিশ্বাসের ‘চোরকাঁটা’ আরটিভিতে, এমআর মিজানের ‘নায়িকা সংবাদ’ জিটিভিতে, নাহিদ আহমেদ পিয়ালের ‘নিঃসঙ্গ পানকৌড়ি’ বাংলাদেশ টেলিভিশনে, গোলাম হাবিব লিটুর ‘মন ও চোরাগলি’ চ্যানেল আইতে ও কৌশিক শংকরের ‘নীল রঙ্গের গল্প’ এনটিভিতে প্রচার হচ্ছে।
--
ভালোবাসা দিবসে রান আউট
ভালোবাসা দিবসে মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলেছে মৌসুমী নাগ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রান আউট’-এর কাজ। তন্ময় তানসেন পরিচালিত এ ছবিটির বর্তমানে তৃতীয় লটের কাজ চলছে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবিতে মৌসুমী নাগ অভিনয় করছেন জেনিথ চরিত্রে। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সজল। ছবিটিতে সুর-সংগীতায়োজন করছে ভাইকিংস। প্রায় এক যুগ পর ভাইকিংস আবারও গানে ফিরেছে ‘রান আউট’ ছবিটির সংগীত পরিচালনার মধ্যদিয়ে। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, ‘তন্ময় তানসেন একজন গুণী পরিচালক। তার পরিচালনায় এর আগে আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। চলচ্চিত্রে এই প্রথম।’
--
তিন অ্যালবাম নিয়ে ব্যস্ত তপন চৌধুরী
ঈদের আগে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন তপন চৌধুরী। ঈদ-পূজা উপলক্ষে অংশ নিয়েছেন বেশ কিছু টিভি অনুষ্ঠানে। স্টেজ শো করেছেন ঢাকা ও ঢাকার বাইরে। তবে ঈদ-পূজার ব্যস্ততা কাটিয়ে এ তারকাশিল্পী এখন মন বসিয়েছেন অডিও অ্যালবাম রেকর্ডিংয়ে। তপন চৌধুরীর ভাষ্যে, ‘গেল ক’বছর ধরে আমি শুধু কথা দিয়ে আসছি, সেটা রাখতে পারিনি। ঢাকা টু কানাডা সফরের কারণে রেকর্ডিংয়ের কাজ শেষ করতে পারিনি। তবে এবার ভাবছি রেকর্ডিং শেষ করেই কানাডায় উড়াল দেবো। তার আগে নয়।’ আধুনিক গানের অন্যতম এই শিল্পীর শেষ অডিও অ্যালবাম ছিল ‘যেতে হবে বহুদূর’। অ্যালবামটি প্রকাশ হয়েছিল বছর দশেক আগে। তিনি এরই মধ্যে গুছিয়ে ফেলেছেন তিনটি এককের পরিকল্পনা। তপন চৌধুরী বলেন, ‘এরই মধ্যে আমি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছি। তারা আগ্রহ প্রকাশ করেছে।’ শুধু রিমেক অ্যালবামই নয়। এরই মধ্যে আরও দুটি মৌলিক গানের অ্যালবাম তৈরি করছেন।
