মাগুরায় কবি গান অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৮:১২
মাগুরায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার লুপ্তপ্রায় কবি গান। মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে সুশান্ত কুমার বিশ্বাসের উদ্যোগে তার বাড়িতে গত ১৯ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজন করা হয় কবি গানের। শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস তার পূর্ব-পুরুষের রীতি ধরে ধারাবাহিকভাবে দীর্ঘ প্রায় ২শ বছর তার বাড়িতে এ কবি গানের আয়োজন করছেন। এ কবি গান শুনতে মাগুরা, খুলনা, রাজবাড়ি, নড়াইল, ঝিনাইদহ, যশোর, ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার শ্রোতারা আসেন। প্রায় ১০ হাজার দর্শক-শ্রোতার আগমন ঘটে। আর এ কবি গান উপলক্ষে বসেছিল বিরাট গ্রামীণ মেলা। মেলায় মিষ্টি, মাটির সামগ্রীসহ বিভিন্ন গ্রামীণ হস্ত ও মৃত্ শিল্পের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। কবি গান পরিবেশন করেন বাগেরহাট জেলার ফকিরহাটের কবিয়াল কৃষ্ণপদ সরকার ও একই জেলার রামপালের কবিয়াল শ্যামল সরকার। সন্ধ্যা থেকে সারা রাত যুক্তি-পাল্টা যুক্তি, তর্ক-পাল্টা তর্কের মাধ্যমে দু কবিয়াল গান পরিবেশন করেন। উপস্থিত শ্রোতা-দর্শকরা মুগ্ধ হয়ে তা উপভোগ করেন। মাগুরা জেলায় লুপ্তপ্রায় কবিগানকে এভাবেই ধরে রাখা হয়েছে।