কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী গত ১৭ অক্টোবর দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্মরণিকার মোড়ক উন্মোচন, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৮৫ ব্যাচের ছাত্র আবেদ উদ্দিন শরীফ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল গনী, নলীনাক্ষ সাহা, মোজাম্মেল হক, রুস্তম আলী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সৈয়দ নিজাম উদ্দিন লাইট। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে ৮৫ ব্যাচের ছাত্র কৃতী কণ্ঠশিল্পী কাদের মঞ্জুর জিলানী সুজা, আবেদ উদ্দিন শরীফ বাবু, এসএ টিভির বাংলাদেশি আইডল প্রতিযোগীর সেরা-১২-এর শ্রাবণ কুমার জুয়েল ছাড়াও সোনালি ব্যান্ডের সাগর ঝুমা, ঝিলিক, কাজল ও সেলিম গান পরিবেশন করেন।
