মুনাফা তুলে নেয়ার প্রবণতায় শেয়ারবাজারে দরপতন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৯:৫৫
হরতালের মধ্যেও টানা তিনদিন দর বৃদ্ধির পর গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। এদিকে গত তিন দিন ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর দাম বাড়লেও গতকাল এ খাতে প্রায় সবগুলো কোম্পানির দর কমেছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই এ খাতের দর কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ও পোশাক খাতের কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, তিন দিন বাজারে দর বাড়ার পর মুনাফা তুলে নেয়ার প্রবণতায় গতকাল কিছুটা দরপতন হয়েছে। এছাড়া কিছু ব্যাংকের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীরা আশানুরূপ ফলাফল না পাওয়ায় হতাশ হয়েছেন। ফলে বাজারে সর্বোচ্চ দর হারানো কোম্পানিগুলোর মধ্যে ৬টিই ছিল ব্যাংকিং খাতের কোম্পানি। বিনিয়োগকারীরা রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগ করায় লেনদেনও খুব একটা বাড়ছে না বলে উল্লেখ করা হয়েছে বিশ্লেষণে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭ কোটি ৪১ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।