কেশবপুরে সড়ক কেটে দেয়ায় তলিয়ে গেছে পাকা ধান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৪৬
কেশবপুরে একদল দুর্বৃত্ত কপোতাক্ষ নদের পাড়ের বন্যা প্লাবিত বিদ্যানন্দকাটি ইউনিয়নের কেশবপুর-বগা সড়কটি কেটে দিয়েছে। গ্রামবাসি বাধা দিতে এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি এবং গ্রামবাসির ওপর হামলা চালালে ১৯ জন আহত হয়। মারাত্মক আহত নেহালপুর গ্রামের ফারুক হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলায় আহত অন্যরা হলো— আব্দুল কাদের, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, মোঃ তুহিন, মোঃ লিটন, কাবেরুল ইসলাম, মিজানুর রহমান, মুকুল হোসেন, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, ফরিদ উদ্দিন, লিয়াকত আলি, শাহাজান আলি, হাতেম আলি, লুত্ফর রহমান, আতিয়ার রহমান, মোসলেম উদ্দিন ও আব্দুস সবুর। সড়কটি কেটে দেয়ায়? মুহূর্তের মধ্যে বগা, মহাদেবপুর, কাবিলপুর ও মোমিনপুর গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার বিঘা জমির পাকা আমন ধান। এলাকাবাসি জানায়, গত তিন মাস ধরে ২৫ গ্রাম অতি বৃষ্টি ও কপোতাক্ষের উপচেপড়া পানিতে তলিয়ে থাকলেও বগা, মহাদেবপুর, কাবিলপুর ও মোমিনপুর গ্রামে কোন পানি ছিল না। এসব গ্রামের পার্শ্ববর্তী বিলগুলোতে রয়েছে অসংখ্য মাছের ঘের। ঘের মালিকরা বুধবার সকালে কেশবপুর-বগা সড়কটি কেটে দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করে। সড়কটি কেটে দিলে বগা, মহাদেবপুর, কাবিলপুর ও মোমিনপুর গ্রাম তলিয়ে যাবে এই কারণে চার গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে বাধা সৃষ্টি করলে দুর্বৃত্তরা পর পর কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় ও গ্রামবাসির উপর হামলা চালায়। অতি বৃষ্টি ও কপোতাক্ষের উপচে পড়া পানিতে কেশবপুরের ত্রিমোহিনী, সাগরদাঁড়ি ও বিদ্যানন্দকাঠি ইউনিয়নের ২৫টি গ্রাম গত তিন মাস যাবত্ তলিয়ে রয়েছে। পানিবন্দি হয়ে আছে প্রায় ৬০ হাজার মানুষ। বাড়ি-ঘরে পানি উঠে যাওয়ায় অনেকে বাড়ি-ঘর ছেড়ে উঁচু স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।