কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গতকাল বুধবার তৃতীয় দিনের মত তালা ঝুলতে দেখা যায়। সোমবার সকালে “অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ জোট” নামে শিক্ষক সংগঠন এই তালা দেয়। এ দিকে রবিবারের পর থেকে উপাচার্য তার কার্যালয়ে আসেন না।
জানা যায়, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষক কর্মকর্তা নিয়োগ, নিয়মবহির্ভূত পদোন্নতির প্রতিবাদ জানিয়ে শিক্ষক সংগঠনটি সোমবার সকালে উপাচার্যের কার্যালয়ে তালা দেয়। তারা স্থগিত হওয়া অবস্থান কর্মসূচি পুনরায় শুরু করে উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খানকে প্রত্যাহারের দাবি জানান। আন্দোলনকারী শিক্ষকেরা জানান, এর আগে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ জোটের দাবির পরিপ্রেক্ষিতে কুবি উপাচার্য কয়েকবার সিন্ডিকেট ডাকার প্রতিশ্রুতি দেন। কিন্তু উপাচার্য তার প্রতিশ্রুতি ভঙ্গ করে আগের এজেন্ডা ও বর্তমানে তার দুর্নীতি ও অপকর্ম ঢেকে রাখার জন্য গত ২৫ তারিখ ঢাকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন এবং তার পছন্দের প্রার্থীদেরকে নিয়োগ ও পদোন্নতি দেন।
