২৬ ফিলিস্তিনি বন্দিকে গতকাল বুধবার মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে ফিলিস্তিন সরকার ও জনগণ। এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বসতি স্থাপন নিয়ে ইসরাইলের সাথে গোপন চুক্তির বিনিময়ে বন্দিদের মুক্তি দেয়ার কথা অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার পরিবেশ ধরে রাখতে পূর্বঘোষিত ১০৪ জনের মধ্যে দ্বিতীয় ধাপে ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরাইল। এর আগে প্রথম ধাপে ২৬ জনকে বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি। মোট চার দফায় ঐ ১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে ইসরাইলের।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি গাড়ি বহর মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দিকে নিয়ে গাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে গাজার আকাশে ব্যাপক আঁতশবাজি পোড়ানো হয়। অপরদিকে, পশ্চিম তীরের মুক্তিপ্রাপ্ত বন্দিদের রামাল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিপুলসংখ্যক হর্ষোত্ফুল্ল ফিলিস্তিনির উপস্থিতিতে বন্দিদের সংবর্ধনা জানান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট। এসময় তিনি বসতি স্থাপন নিয়ে ইসরাইলের সাথে গোপন চুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার কথা অস্বীকার করেন।
