চলতি মাসের শুরুর দিকে সাহারা মরুভূমিতে নাইজারের ৪০ অভিবাসী পিপাসায় মারা গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু। নাইজার থেকে আলজেরিয়া যাওয়ার পথে গাড়ি বিকল হয়ে যাওয়ায় তারা এ মর্মান্তিক মৃত্যুর মুখে পতিত হন। এ ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি চোখের সামনে একজনকে তার স্ত্রী ও নয় সন্তানকে মারা যেতে দেখার বর্ণনা দেন।
সাহারা এফএম রেডিও স্টেশনকে সাদাফিও বলেন, ‘পিপাসাই আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর প্রধান কারণ। ক্ষুধা ও ভ্রমণের দুর্ভোগের কারণেও অনেকের মৃত্যু ঘটেছে। আলজেরিয়ায় অভিবাসনের উদ্দেশ্যে যাত্রাকালে নারী ও শিশুসহ নাইজারের ৪০ জন নাগরিক মধ্য অক্টোবরে পিপাসায় মারা গেছে। মরুভূমিতে যানবাহন বিকল হয়ে যাওয়ার পর আরো অনেকে নিখোঁজ হয়ে গেছে বলে জানা গেছে।
নাইজার বিশ্বের অন্যতম দরিদ্রপীড়িত দেশ। দেশটিতে পর পর কয়েকবার খাদ্য সংকট হয়েছে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের মতে, চলতি বছর মার্চ থেকে আগস্টের মধ্যবর্তী সময়ে অন্তত ৩০ হাজার অর্থনৈতিক অভিবাসী আগাদেজ দিয়ে দেশ ত্যাগ করেছে।
