এর আগে নকিয়া তাদের লুমিয়া স্মার্টফোনের একটি মডেলের জন্য গ্রাহকের পছন্দমতো কভার তৈরির সুযোগ করে দিয়েছিল। গ্রাহকের চাহিদা অনুযায়ী নিজের পছন্দমতো কনফিগারেশনের স্মার্টফোন তৈরি করার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানা গেছে আরও কয়েক প্রতিষ্ঠানের। তবে তাদের সবাইকে ছাপিয়ে এবারে ক্রেতার পছন্দের ডিজাইনের স্মার্টফোন তৈরির প্রকল্পের ঘোষণা দিয়েছে গুগল। মটোরোলা মোবিলিটি’র ‘প্রজেক্ট আরা’ প্রকল্পের অধীনে এই নতুন ধারণাটি বাস্তবায়ন করবে গুগল। এই প্রকল্পের আওতায় ক্রেতারা একটি ফোনের মৌলিক কাঠামো কিনে তার সাথে কিবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, বাড়তি সেন্সর প্রভৃতি সংযোজন করে নিজের পছন্দের স্মার্টফোন তৈরি করে নিতে সমর্থ হবে। এই প্রকল্পে গুগল অন্তর্ভুক্ত করেছেন ডাচ ডিজাইনার ডেভ হ্যাকেনসকে যিনি ‘ফোনব্লক’ নামের মৌলিক স্মার্টফোন কাঠামো নির্মাণ নিয়ে কাজ করছেন। মাত্রই এই প্রকল্পের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এটি নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে মটোরোলা। এ সম্পর্কে মটোরোলার অফিশিয়াল ব্লগে এক ব্লগপোস্টে বলা হয়েছে, ‘সফটওয়্যারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড যে কাজটি করে ফেলেছে, আমরা হার্ডওয়্যারে এই প্রকল্পের মাধ্যমে ঠিক সেই কাজটিই করতে চাই। অ্যান্ড্রয়েড একটি পরিপূর্ণ স্মার্টফোন ও ট্যাবলেট অপারেটিং সিস্টেম হলেও এটি উন্মুক্ত এবং একে যে কেউই তার প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিতে পারে। থার্ড-পাটিং ইকোসিস্টেমও এর জন্য গড়ে উঠেছে। ফলে বিভিন্ন বিশেষায়িত কাজের জন্যও যে কেউ অ্যান্ড্রয়েড ডিজাইন করে নিতে পারে। ক্রেতারা যাতে নিজেদের কাজের জন্য ঠিক নিজের মতো করেই ফোনটি ডিজাইন করতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এতে করে আপনার ফোনটি দেখতে কেমন হবে, কী দিয়ে তৈরি হবে, এতে কী ধরনের সেন্সর ব্যবহার করবেন, এর মূল্য কত হবে—এমন সব বৈশিষ্ট্যই নির্ধারণ করতে পারবে ক্রেতা নিজে।’ গুগল একে বলছে ‘ওপেন হার্ডওয়্যার প্ল্যাটফর্ম’। এতে ফোনের যে মৌলিক কাঠামো ব্যবহার করা হবে, তাকে বলা হচ্ছে ‘এন্ডোস্কেলিটন’। এর উপরেই বিভিন্ন ধরনের মডিউল (প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, সেন্সর বা যেকোনো কিছু) বসিয়ে তৈরি করা যাবে নিজের পছন্দের স্মার্টফোন। আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলেই জানানো হয়েছে মটোরোলার ব্লগপোস্টে।
