দেশে অপরিণত বয়সে গর্ভধারণ ৬০ শতাংশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৬
দেশে ৬০ শতাংশের বেশি মা ১৮ বছর বয়সের আগেই গর্ভধারণ করেন। যার মধ্যে এক-তৃতীয়াংশ মায়ের বয়স ১৫ বছর। প্রাপ্ত বয়সের আগে বা কম বয়সে সন্তান গর্ভধারণ করায় ঐ সমস্ত মা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। গতকাল রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কর্তৃক বিশ্ব জনসংখ্যার ওপর ‘কৈশোরে মাতৃত্ব:গর্ভধারণ, প্রতিবন্ধতা ও তা প্রতিরোধ’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম নিয়াজ উদ্দিন। স্বাস্থ্য সচিব বলেন, সময়ের আগে বিয়ে এবং কম বয়সেই গর্ভধারণ করায় মায়েরা ফিস্টুলা, শারীরিক দুর্বলতা, পুষ্টিহীনতাসহ নানা রোগে ভুগতে থাকেন। কম বয়সে নারীর বিয়ের ক্ষেত্রে বাংলাদেশ এশিয়ায় প্রথম ও বিশ্বে অন্যতম। তাই ১৮ এর কম বয়সের কোন মেয়েকে বিয়ে দেয়া যাবে না। তাছাড়া কোনক্রমে বিয়ে হয়ে গেলেও গর্ভধারণ অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় পরবর্তীতে এর প্রভাব উক্ত মায়ের স্বামী, গর্ভের সন্তান, ভাই, বোন বাবা-মা’সহ পুরো পরিবারের উপর পড়ে। তাই কম বয়সে বিয়ে ও গর্ভধারণ না করে শিক্ষিত হয়ে বিয়ে ও প্রাপ্তবয়স্ক হয়ে গর্ভধারণের জন্য সরকারের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তাই কেবল সরকারের পক্ষ থেকে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। অনুষ্ঠানে ইউএনএফপিএ-র পক্ষ থেকে বাংলাদেশের অফিসার ইনচার্জ পরান চাই সচিত্তা বিশ্ব জনসংখ্যার উপর তৈরি প্রতিবেদনটি প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে ২০২০ সালের মধ্যে বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ ও জনসংখ্যা বৃদ্ধি অনেকাংশে কমিয়ে আনা সম্ভবপর হবে’। প্রতিবেদনে বাংলাদেশের বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ, সামাজিক সচেতনতা ও নিরক্ষরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। তাছাড়া উন্নয়নশীল দেশের অপরিকল্পিত পদ্ধতিতে গর্ভধারণের ফলে বাচ্চা প্রসবকালীন সময়ে মা’র মৃত্যু হয়। প্রয়োজনীয় শিক্ষা না থাকায় অপরিকল্পিত গর্ভধারণের ফলে মোট এমআর এর এক-তৃতীয়াংশই অপরিকল্পিতভাবে হয়ে থাকে। কম বয়সে গর্ভধারণের ফলে একজন মা অধিক সন্তান গ্রহণ করেন, যা জনসংখ্যা বৃদ্ধি, প্রসবকালীন মৃত্যুসহ প্রতিবন্ধী শিশু জন্মানোর মূল কারণ। বাংলাদেশে গর্ভধারণের ফলে প্রতি লাখে ১৯৪ জন মৃত্যুবরণ করেন। পরিসংখ্যান অনুযায়ী এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ এবং প্রসবকালীন মৃত্যু হয়। অনুষ্ঠানে পপুলেশন কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. উবাইদুর রব বলেন, এ দেশে বছরে ১০ লাখ থেকে ১২ লাখ বিয়ের মধ্যে ১৭% (১ লাখ ৭০ হাজার ) বিয়ে হয় ১৫ বছরের নিচে বয়স এমন কিশোরীর। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এ দেশে শতকরা প্রায় ৬% মেয়ে বিয়ের আগে গর্ভধারণ করে, যা একটি বড় ধরনের উদ্বেগের বিষয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন, ড. নার্গিস ফাতেমা, ড. এটিএম সাহাবুদ্দিন, ড. মিনহাজসহ আরো অনেকে।